সন্ত্রাসীরা সমুদ্রপথে অনুপ্রবেশ করতে পারে: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শনিবার বলেছেন, বিদেশি জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখার পাশাপাশি সমুদ্রপথেও ওই দেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। ভারতে বিদেশি সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা বিভাগ দুই দিন আগে সতর্ক করে দিয়েছিল। পুলিশসহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে মনমোহন বলেন, স্থলসীমানার পাশাপাশি সমুদ্রসীমানায়ও কড়া পাহারা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলো সমুদ্রপথ ব্যবহার করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচারের নতুন যে কৌশল প্রয়োগ করা হচ্ছে, তা প্রতিহত করতে হবে। তবে এসব মাধ্যমের ওপর এমনভাবে নজরদারি করতে হবে, যাতে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও যোগাযোগের অধিকার খর্ব না হয়। পুলিশকে নতুন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।আসামসহ দেশের কয়েকটি স্থানে গত কয়েক মাসে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া।