বিহার রাজ্যের পাটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির জনসভার কাছে সিরিজ বোমা হামলায় আহত আইনুল আনসারি নামের ব্যক্তি গত বৃহস্পতিবার মারা গেছেন। পুলিশের দাবি, আইনুল হামলাকারীদের একজন।
গত রোববার পাটনা শহরে সিরিজ বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হন। ওই দিনই ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় আইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে শহরের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক অরুণ কুমার সিংহ জানান, বৃহস্পতিবার গভীর রাতে আইনুলের মৃত্যু হয়। তাঁর মস্তিষ্কে স্প্লিন্টার ঢুকেছিল। গুরুতর আহত আইনুল প্রথম থেকেই কোমায় ছিলেন।
পুলিশের ভাষ্যমতে, ভারতের কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আইনুলের কোমরে দুটি বোমা বাঁধা ছিল। ধাওয়া খেয়ে একপর্যায়ে বোমা দুটির বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। আইনুলসহ সন্দেহভাজন চারজন গ্রেপ্তার হয়। এএফপি।