সন্দেহভাজন যাত্রীদের একজন ইরানি, সন্ত্রাসে সংশ্লিষ্টতা নেই

চুরি করা পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমানে ভ্রমণ করা দুজনের একজন ইরানি। তাঁর সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র নেই বলে দাবি করেছে মালয়েশিয়ার পুলিশ। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
১৯ বছর বয়সী ওই ইরানি যুবকের নাম পৌরিয়া নূর মোহাম্মদ মেহেরদাদ। তিনি সম্ভবত জার্মানিতে থাকার চেষ্টা করছিলেন। অন্যজনের ব্যাপারে তদন্ত চলছে।
মালয়েশিয়ার পুলিশপ্রধান আলিদ আবু বাকার বলেন, ইরানি এই যুবক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জার্মানিতে বসবাসরত ওই যুবকের মায়ের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি ফ্রাঙ্কফুর্টে ছেলের জন্য অপেক্ষায় ছিলেন।
মালয়েশিয়ার এই দাবির সত্যতা পেয়েছে বিবিসি। কুয়ালালামপুরে বসবাসরত এক ইরানি যুবক নিজেকে মেহেরদাদের স্কুলজীবনের বন্ধু দাবি করে বিবিসিকে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর বন্ধু ও চোরাই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা আরেক ইরানি যাত্রার আগে তাঁর বাসাতেই ছিলেন। তাঁরা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করছিলেন।
থাইল্যান্ড থেকে পাওয়া এক প্রতিবেদনে জানা গেছে, একজন ইরানি মধ্যস্থতাকারীর সহযোগিতায় থাই ট্রাভেল এজেন্টের মাধ্যমে ওই দুজন মালয়েশিয়া থেকে বেইজিং হয়ে আমস্টারডাম যাওয়ার টিকিট কেটেছিলেন।
গত শুক্রবার মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। এতে মোট ১৪টি দেশের ২৩৯ জন আরোহী ছিলেন। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের। ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে নিখোঁজ উড়োজাহাজটিকে। আজ চীনও ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে।
এর আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল, বিমানে দুজন সন্দেহভাজন যাত্রী ছিলেন। চুরি করা পাসপোর্ট নিয়ে ওই বিমানে আরোহী হয়েছিলেন তাঁরা। বিমানবন্দরের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে।