সন্দেহভাজন শীর্ষ নাৎসি যুদ্ধাপরাধী সাতারির মৃত্যু
হাঙ্গেরির সন্দেহভাজন শীর্ষ নাৎসি যুদ্ধাপরাধী লাৎসলো সাতারি রাজধানী বুদাপেস্টের একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার তাঁর আইনজীবী এ তথ্য জানিয়েছেন।আইনজীবী গ্যাবর হোরভাথ জানান, তাঁর মক্কেল সাতারি (৯৮) নিউমোনিয়ায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন পুলিশ কর্মকর্তা সাতারি অন্তত ১৫ হাজার ৭০০ ইহুদিকে নির্যাতন করে বর্তমানের স্লোভাকিয়ার একটি শহরের কয়েকটি মৃত্যুশিবিরে পৌঁছে দিয়েছিলেন। শহরটি তখন হাঙ্গেরির অংশ ছিল।১৯৪৮ সালে স্লোভাকিয়ার আদালত সাতারিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ সময় তিনি পালিয়ে কানাডায় বসবাস করছিলেন। পরে হাঙ্গেরিতে ফিরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অন্তত ১৫ বছর অবস্থান করেন। কিন্তু ২০১১ সালে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকা সাতারির একটি আলোকচিত্র প্রকাশ করলে তাঁকে নিয়ে আবার হইচই শুরু হয়। এএফপি ও বিবিসি।