সন্দেহভাজনদের কণ্ঠস্বরের নমুনা চেয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসবাদী হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কণ্ঠস্বরের নমুনা দিতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত শনিবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে এ অনুরোধ জানান। ভুটানে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত আলোচনায় তিনি এ অনুরোধ জানান।গত বছর ইসলামাবাদে বৈঠকের পর এটা ছিল চিদাম্বরম ও মালিকের দ্বিতীয় দফা আলোচনা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বরাত দিয়ে পিটিআইয়ের এক খবরে বলা হয়, দুজনের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গতকাল রোববার সকালে এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রীর মধ্যে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া এর আগের বৈঠকের পর থেকে যেসব বিষয় ঝুলে আছে, সেগুলো সুরাহার জন্য রেহমান মালিককে অনুরোধ জানান চিদাম্বরম। পাকিস্তানকে ঠিক কী কী বিষয়ে অনুরোধ করা হয়েছে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। ভারতের বাণিজ্যনগর মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ জনের একটি সশস্ত্র জঙ্গি দলের হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়। পরে এতে জড়িত সন্দেহে লস্কর-ই-তাইয়েবার অপারেশনস কমান্ডার জাকিউর রেহমান লাখভিসহ সাতজনকে গ্রেপ্তার করে পাকিস্তান কর্তৃপক্ষ।অভিযোগ রয়েছে, ‘২৬/১১’ নামে পরিচিতি পাওয়া ওই হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নে লাখভিসহ লস্করের অন্য শীর্ষস্থানীয় কর্মীরা মুঠোফোনে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করেন। হামলার আগে ফোনে কাদের কথোপকথন হয়, তা নিশ্চিত করতে গ্রেপ্তার করা ওই সাতজনের কণ্ঠস্বরের নমুনা চেয়ে আসছে নয়াদিল্লি। মুম্বাই হামলার সময় হামলাকারী দলের মধ্য থেকে আজমল কাসাব নামের একজন পাকিস্তানি নাগরিককে জীবিত ধরা হয়। অন্য সবাই সংঘাতে নিহত হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা ওই হামলা চালায়। পাকিস্তান এতে মদদ দেওয়ার ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিল। এএফপি ও দ্য হিন্দু অনলাইন।