সন্ধান মিলল শেক্সপিয়ারের কার্টেন থিয়েটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাট্যজীবনের শুরু দিকের স্মৃতিজড়িত কার্টেন থিয়েটার। এখানেই প্রথম মঞ্চস্থ হয়েছিল তাঁর নাটক হেনরি ফাইভ। সবার জানা ছিল এটি পূর্ব লন্ডনের শোর্ডিচের কোনো এক জায়গায় ছিল। কিন্তু ঠিক কোথায় তা জানতেন না কেউ। অবশেষে সেই কার্টেন থিয়েটারের খোঁজ মিলেছে। শোর্ডিচের একটি পানশালার পেছনে মাটির নিচে থিয়েটারটির ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।মিউজিয়াম অব লন্ডন আর্কিওলজি বা মোলার প্রত্নতত্ত্ববিদেরা শোর্ডিচে একটি পানশালার পেছনে কয়েক মিটার মাটি খুঁড়ে কার্টেন থিয়েটারের মঞ্চ ও গ্যালারির কিছু অংশ উন্মোচিত করেছে। সেখানে পুরোদস্তুর খননকাজ শুরু হবে চলতি বছরের শেষ দিকে। এরপর স্থানটি দর্শনের লক্ষ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে।মোলার প্রধান প্রত্নতত্ত্ববিদ ক্রিস টমাস বলেন, ‘এটা এক দারুণ জায়গা, শেক্সপিয়ারের নাট্যকর্মের শুরুর দিকের অনেক ঘটনা এই জায়গাটির সঙ্গে জড়িত।’ মোলার এক মুখপাত্র জানিয়েছেন, গোটা থিয়েটারটাই খুব সুন্দর অবস্থায় পাওয়া গেছে। শেক্সপিয়ারের অন্য থিয়েটারগুলোর তুলনায় এর অবস্থা বেশ ভালো।ইতিহাস থেকে জানা যায়, ১৫৭৭ সালে চালু হয়েছিল কার্টেন থিয়েটার। ১৫৯৭ থেকে ১৫৯৯ সাল পর্যন্ত এটাই ছিল ‘লর্ড চেম্বারলিনস মেন’ নাট্যদলের প্রধান আখড়া। এই নাট্যদলের সদস্য ছিলেন শেক্সপিয়ার। তাঁর হেনরি ফাইভ ছাড়াও রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকও এখানেই প্রথম মঞ্চস্থ হয়েছিল বলে মনে করেন কেউ কেউ। সেই হিসেবে শেক্সপিয়ারের নাট্যকর্মের একেবারে শুরুর দিকের গুরুত্বপূর্ণ সময়টার স্মৃতি জড়িত এই কার্টেন থিয়েটারের সঙ্গে। শেক্সপিয়ার নিজেই এই থিয়েটারের নাম দিয়ে যান ‘দিস উডেন ও’। বিবিসি।