সপ্তমবারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে মুগাবের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তমবারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রবার্ট মুগাবে। আজ বৃহস্পতিবার ৮৯ বছর বয়সী এই নেতা শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে সমর্থকদের যোগ দিতে দেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে মুগাবের বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মরগান সভাঙ্গিরাই। ওই আবেদনের কারণে নির্ধারিত সময়ের কয়েক দিন পর মুগাবে শপথ নিয়েছেন। তবে সাংবিধানিক আদালত মামলাটি আমলে না নিয়ে মুগাবের পুনর্নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য দাবি করেছে।

গত ৩১ জুলাই অনুষ্ঠিত ওই নির্বাচনে মুগাবে ৬১ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সভাঙ্গিরাই পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। ওই নির্বাচনের পর ২০০৯ সালে দুই ব্যক্তির (মুগাবে ও সভাঙ্গিরাই) গঠিত ভঙ্গুর সরকার ভেঙে যায়।

সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সভাঙ্গিরাই বলেন, তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না। সভাঙ্গিরাইয়ের মুখপাত্র লুক তামবরিনিয়োকা বলেন, ‘শপথ অনুষ্ঠানে সভাঙ্গিরাইয়ের যোগদানের মানে হলো ডাকাতের নেতৃত্বে আয়োজিত পার্টিতে ডাকাতির শিকার হওয়া ব্যক্তির যোগদানের শামিল।’