যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য আগামী বুধবার। মা হারানোর ব্যথায় কাতর থ্যাচারকন্যা ক্যারোল থ্যাচার গতকাল শনিবার বলেছেন, সপ্তাহটা হবে ‘দুর্বিষহ আর অশ্রুসিক্ত’। তাঁর মায়ের লন্ডনের বাড়ির বাইরে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে ক্যারোল বলেন, ‘আজ আমি এটুকুই বলতে চাই, যাঁরা পিতা-মাতা হারিয়েছেন, আমি তাঁদের মতোই বেদনাবোধ করছি। এ ব্যথা অনেক গভীর।’যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত সোমবার স্ট্রোকে মারা যান তিনি। ক্যারোল থ্যাচার (৬৯) পেশায় সাংবাদিক। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুর পর বিশ্বনেতাদের কাছ থেকে যে ধরনের শোকবার্তা পাওয়া গেছে, তা প্রমাণ করে, বিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে কতটা সফল ছিলেন তিনি।’বুধবার লন্ডনের সেইন্ট পলস ক্যাথেড্রালে মার্গারেট থ্যাচারের শেষকৃত্যানুষ্ঠান হবে। এতে বিশ্বের দুই হাজারের বেশি নেতা, সেলিব্রেটি ও বন্ধু-স্বজন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী লৌহমানবী খ্যাত মার্গারেট থ্যাচার বিশ্বাস করতেন, ইতিহাসে তাঁর নাম খোদাই করা থাকবে। ক্যারোল বলেন, ‘মায়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতারা যে গভীর শোকবার্তা পাঠিয়েছেন ও সহমর্মিতা প্রকাশ করেছেন, এতে স্পষ্ট হয়েছে, মায়ের উপলব্ধি কতটা সত্য ছিল। তাঁদের এসব বার্তা পেয়ে আমার মনে জোর পেয়েছি। এ জন্য সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ক্যারোল আরও বলেন, ‘জানি, আমি একজন লৌহমানবীর মেয়ে। এর পরও সপ্তাহটা সহজে কাটবে না। তা হবে দুর্বিষহ আর অশ্রুসিক্ত।’ বিবিসি।