
ব্রাজিলের ভেতরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন গোয়েন্দা কার্যক্রমের প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর বাতিল করে ব্রাজিলীয় প্রেসিডেন্ট দিলমা রৌসেফ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তিরস্কার ছুড়ে দিয়েছেন।
‘দ্য গার্ডিয়ান’ আজ জানায়, যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি যেসব গোপন নথিপত্র ফাঁস করেছেন, তার সূত্র ধরেই উত্তর ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের চিড় ধরেছে। এর আগে স্নোডেনকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার অভিযোগে ওবামা গত আগস্ট মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছিলেন।
প্রেসিডেন্ট ওবামার সব ধরনের প্রচেষ্টার পরেও রৌসেফের দপ্তর থেকে বিলি করা বিবৃতিতে আজ বুধবার বলা হয়েছে, ২৩ অক্টোবরের সফর পূর্বনির্ধারিত থাকলেও এখন রাজনৈতিক কারণে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের সময় ঘনিয়ে আসছে অথচ (এনএসএর গুপ্তচারবৃত্তি নিয়ে) তদন্তের কোনো ঠিকঠিকানা নেই... এ পরিস্থিতিতে সফর হতে পারে না।... ব্রাজিলীয় সরকার এ ব্যাপারে আস্থাশীল যে, যথাযথ উপায়ে সমস্যার সমাধান হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আবার সফরের সূচি নির্ধারণ করা যেতে পারে।’
হোয়াইট হাউসের আরেক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তত্পরতা নিয়ে ব্রাজিলে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে সেটি প্রেসিডেন্ট (ওবামা) অনুভব করতে পারছেন এবং এ জন্য তিনি অনুতপ্ত। দ্বিপক্ষীয় সম্পর্ককে উদ্বেগপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া এ ইস্যুটির বাইরেও তিনি প্রেসিডেন্ট রৌসেফ ও তাঁর সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখতে ও একসঙ্গে কাজ করতে চান।’
আরও বলা হয়, ‘এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন, তবে সেটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লেগে যাবে। এ কারণে রৌসেফ ২৩ অক্টোবরের নির্ধারিত সফর বাতিলের যে প্রস্তাব দিয়েছেন, সেটিতে প্রেসিডেন্ট সহমত হয়েছেন।’
ফাঁস হওয়া নথিপত্র থেকে জানা যায়, এনএসএ প্রেসিডেন্ট রৌসেফের ফোনকল ও ই-মেইল হ্যাক করেছে এবং তাঁর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রেসিডেন্টর সব ধরনের যোগাযোগের ওপর গুপ্তচরবৃত্তি করেছে। এ ছাড়া ব্রাজিলের সবচেয়ে বড় কোম্পানি পেট্রোবাসকে ধ্বংসের তত্পরতাও চালিয়েছে মার্কিন গোয়েন্দারা।
এর আগে রৌসেফ ওবামার কাছে ব্রাজিলে যুক্তরাষ্ট্রের এ ধরনের বেআইনি গুপ্তচরবৃত্তির ব্যাখ্যা চেয়েছিলেন। সে সময় ওবামা যে ব্যাখ্যা দেন, সেটিতে সন্তুষ্ট হয়নি রৌসেফের সরকার।
২০১১ সালে রৌসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটির সম্পর্ক ক্রমশ উষ্ণ হতে থাকে। ব্রাজিলের সঙ্গে সুসম্পর্ক গড়তে যুক্তরাষ্ট্র এতই মরিয়া যে, রৌসেফ ক্ষমতায় যাওয়ার কয়েক দিন পরই তাঁর সম্মানে হোয়াইট হাউসে বিশেষ ভোজের আয়োজন করা হয়। সে বছর রৌসেফই একমাত্র বিদেশি অতিথি যাঁকে হোয়াইট হাউস আমন্ত্রণ জানিয়েছিল। তবে ব্রাজিলের প্রতি যুক্তরাষ্ট্রের এত আগ্রহের কারণ দেশটির তেল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি ও যুদ্ধবিমান বিক্রি করা।