সফরের শেষ পর্যায়ে পোল্যান্ডে মিট রমনি
আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেখ ওয়ালেসার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য চলতি বিদেশ সফরের চূড়ান্ত পর্যায়ে গতকাল মঙ্গলবার তিনি পোল্যান্ডে পৌঁছান। এর আগে তিনি যুক্তরাজ্য ও ইসরায়েল সফর করেন।রিপাবলিকান দলের এই প্রার্থী গতকাল পোল্যান্ডের গদানস্ক শহরে ওয়ালেসার সঙ্গে বৈঠকে মিলিত হন। ওয়ালেসা হচ্ছেন আমলাতন্ত্রবিরোধী সামাজিক আন্দোলন সলিডারিটির প্রথম নেতা এবং পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গেও বৈঠক করেন। রমনি ১৯৩৯ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডে নাৎসি বাহিনীর আক্রমণ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে লেখ ওয়ালেসার প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়ন আন্দোলন সলিডারিটিন রমনি এই সফর থেকে নিজেকে দূরে রেখেছেন। পোল্যান্ডে পৌঁছানোর আগে রমনি ইসরায়েল সফর করেন। সেখানে ফিলিস্তিনি অর্থনীতি নিয়ে তাঁর করা মন্তব্য একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে ক্রুদ্ধ করেছে। জেরুজালেমে গত সোমবার অনুষ্ঠিত ইহুদি দাতাদের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ইসরায়েলের অর্থনীতি ফিলিস্তিনের অর্থনীতির চেয়ে অনেক বড়। এটা দুই দেশের সংস্কৃতিগত পার্থক্যই নির্দেশ করে দেয়। রমনির ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরাকাত। তিনি রমনির ওই মন্তব্যকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চল ও এই অঞ্চলের সংঘাত সম্পর্কে রমনির অজ্ঞতা প্রকাশ পেয়েছে। অবশ্য রমনির নির্বাচনী শিবিরের মুখপাত্র বলেছেন, রমনির বক্তব্যকে ‘একেবারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। চলতি বিদেশ সফরের অংশ হিসেবে প্রথমে রমনি যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান। বিবিসি।