সফল অস্ত্রোপচারের পর সেরে উঠছেন সোনিয়া গান্ধী
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল শুক্রবার কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদি এক বিবৃতিতে এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার সোনিয়ার অস্ত্রোপচার হয়। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র জনার্দন দ্বিবেদি বলেন, শারীরিক সমস্যা ও চিকিৎসার বিষয়টি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত বিষয়। তাঁর পরিবারের সদস্যরা এই ব্যক্তিগত বিষয়টির প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি হাসপাতালের নাম, এমনকি দেশের নামও উল্লেখ করেননি। ভারতের সংবাদ সাময়িকী তেহেলকা টুইটারে জানিয়েছে, সোনিয়াকে গত বৃহস্পতিবার নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন-কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি করা হয়। ওই ক্যানসার সেন্টারের ওয়েবসাইটের সূত্র মতে এটাই বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ক্যানসার হাসপাতাল। এএফপি, পিটিআই।