ড্রোন নিয়ে চীনের তোড়জোড় কেন

মানববিহীন বিমান (ড্রোন) দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোন যেমন—রাডার ফাঁকি দিয়ে একটি দেশের ভেতর অনায়াসে ঢুকে পড়তে পারে, তেমনি দূরনিয়ন্ত্রিত এসব বিমান লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে নির্ভুলভাবে। পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়া—এসব দেশে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রায়ই ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বিনা অনুমতিতে আরেকটি দেশে প্রবেশ করে সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগে অবশ্য তারা সমালোচিতও কম হচ্ছে না।
আকাশপথে বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলা অনেক দিন ধরেই চীনের মাথাব্যথার কারণ হয়ে আছে। কারণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তির মাধ্যমে প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নীরব টক্কর চলে আসছে। শক্তির ভারসাম্যে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে না পারলেও এ লক্ষ্যে পৌঁছাতে চীনের চেষ্টা চলছে অবিরাম। তাদের সঙ্গে পাল্লা দিয়ে অনেক আগেই ড্রোন বানানোর যুদ্ধে নেমেছে বেইজিং।
গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছর ধরে ড্রোন বানানোর কাজ করে আসছে চীন। দেশটি প্রথমবারের মতো সফলভাবে রাডার ফাঁকি দেওয়া মানববিহীন বিমান (ড্রোন) ওড়াতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার তারা এই সাফল্য অর্জন করার কথা দাবি করেছে। চীনের এই পদক্ষেপ ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের প্রতি বেইজিংয়ের দারুণ আগ্রহেরই বহিঃপ্রকাশ।
চীনা গণমাধ্যমে ড্রোনটির নাম উল্লেখ করা হয়েছে ‘শার্প সোর্ড’ (ধারালো তরবারি)। চীনের আকাশসীমায় প্রায় ২০ মিনিট ধরে ড্রোনটি ওড়ে। গতকাল চায়না ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এই উড্ডয়নসাফল্য প্রমাণ করছে যে আকাশপথে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের শক্তির তারতম্য আরও কমে এসেছে।’
‘শার্প সোর্ড’ ড্রোনটির প্রকৃতি ও সক্ষমতা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে এর কাঠামোটি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্রের ড্রোনের মতো।
যুক্তরাষ্ট্রের আদলে নানা ধরনের ড্রোন বানাচ্ছে চীন। তবে চীনা ড্রোন বেশ সস্তা। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ঠিক একই লক্ষে ড্রোন বানাচ্ছে চীন।
চীনের কিছু ড্রোন যুদ্ধোপকরণ বহনে সক্ষম। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার স্বীকারোক্তিতে বিষয়টি স্পষ্ট হয়। ওই কর্মকর্তা জানান, মিয়ানমারের এক দুর্ধর্ষ মাদক পাচারকারীকে পাকড়াও করতে হামলা চালাতে সক্ষম ড্রোন মোতায়েনের কথা বিবেচনা করছে বেইজিং। ওই মাদক-পাচারকারীর বিরুদ্ধে চীনের ১৩ জন সেনাকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত চীনা ড্রোন হামলার কোনো খবর পাওয়া যায়নি।
সীমান্ত ছাড়াও দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় তত্পরতা চালানোর ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি বেইজিংয়ের জন্য খুবই উপকারী হাতিয়ার হিসেবে কাজ করছে।
গত সেপ্টেম্বরে পূর্ব চীন সাগরে অবস্থিত একটি বিরোধপূর্ণ দ্বীপের কাছ থেকে চীনের একটি অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এতে তীব্র প্রতিক্রিয়া দেখায় জাপান। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গুলি করে ড্রোন ভূপাতিত করার হুমকি দেয় জাপান। একই সঙ্গে পর্যবেক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ড্রোন মোতায়েনে আগ্রহী জাপান।
গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা ছাড়াও পশ্চিমাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সঙ্গে তাল মেলাতে ড্রোন বানাচ্ছে চীন। এর বাইরে এশিয়া ও আফ্রিকার বাজারের কথাও বিবেচনা করছে বেইজিং।