সব উত্তর যুক্তরাষ্ট্রের জানা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলা-সম্পর্কিত সব প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। আর এ ঘটনায় যে সমন্বিত তদন্ত চলছে, তা শেষ হতে কিছুটা সময় লাগবে।গত সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘শুধু দুই সহোদর ভাই ওই হামলা চালিয়েছে, নাকি তাদের সঙ্গে আর কারও সম্পৃক্ততা রয়েছে, তা জানা দরকার। এ জন্য সমন্বিত তদন্ত হওয়া দরকার।’এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত জোখার সারনায়েভকে গতকাল কারাগারে স্থানান্তর করা হয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, ‘কেন তারা হামলা চালিয়েছে, কীভাবে তারা বিস্ফোরক সংগ্রহ করে বোমা তৈরি করেছে—এসব বিষয় আমাদের জানতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখনই আমাদের হাতে সব প্রশ্নের উত্তর আসেনি, এর জন্য অপেক্ষা করতে হবে।’১৫ এপ্রিল বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিনজন নিহত এবং দুই শতাধিক লোক আহত হয়। ওই ঘটনার পর পুলিশের তল্লাশি অভিযানের সময় সন্দেহভাজন জোখার সারনায়েভকে (১৯) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এর আগের অভিযানে পুলিশের গুলিতে জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ (২৬) নিহত হন। বোস্টন হামলায় চেচেন সম্পৃক্ত আছে কি না, তা নিয়ে এখনো তদন্ত কর্মকর্তারা স্পষ্ট করে কিছু বলেননি। তবে রাশিয়ার একটি পত্রিকা দাবি করেছে, হামলার একজন সন্দেহভাজন তাঁদের প্রতিবেশী জর্জিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন।অবশ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পরিষ্কার ভাষায় বলেছেন, গত বছর দাগেস্তান ও চেচনিয়ায় ছয় মাসের সফরের সময় তামেরলান চরমপন্থী হয়ে ওঠেন।লক্ষ্যবস্তু ছিলটাইমস স্কয়ারনিউইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বোস্টন হামলার সন্দেহভাজন ব্যক্তিরা টাইমস স্কয়ারে হামলার পরিকল্পনা করেছিল। তিনি জানান, জোখার এফবিআইকে বলেছেন যে তিনি ও তাঁর ভাই তামেরলান ‘স্বতঃপ্রণোদিত’ হয়ে নিউইয়র্কের টাইমস স্কয়ারকে হামলার লক্ষ্যবস্তু করেছিলেন।পুলিশ কমিশনার রেমন্ড কেলি সাংবাদিকদের জানান, সন্দেহভাজন দুই ভাইয়ের কাছে একটি প্রেশারকুকার বোমা ও পাঁচটি পাইপবোমা ছিল। এ ছাড়া তাঁরা নিউইয়র্কে যাওয়ার জন্য একটি গাড়িও ছিনতাই করেছিলেন। দ্য হিন্দু ও বিবিসি।