সব গেছে অজগরের পেটে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের বন-বাদাড়ের খরগোশ, শিয়াল, হরিণ, বনবিড়ালসহ বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী অদৃশ্য হয়ে যাচ্ছে। গত প্রায় এক দশকে এসব প্রাণীর সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। এই রহস্যের একটা কিনারা করেছেন নর্থ ক্যারোলাইনার ডেভিডসন কলেজের একদল গবেষক। গত সোমবার পিএনএএস সাময়িকীতে প্রকাশিত তাঁদের এক গবেষণায় বলা হয়েছে, এই প্রাণীগুলো বছরের পর বছর ধরে বার্মিজ অজগরের পেটে গেছে। এই অজগরের উপদ্রব এত বেড়েছে যে, গত মাসে আনুষ্ঠানিকভাবে বার্মিজ অজগর আমদানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।গবেষণায় বলা হয়েছে, এত দিনে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের অসংখ্য প্রাণীকে সাবাড় করে দিয়েছে অজগর। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে। রাস্তার ধারে মৃত ও জীবিত পশু গণনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। ১৯৯৩ থেকে ১৯৯৯ সালের মধ্যে, বার্মিজ অজগরের সংখ্যা বৃদ্ধির আগে, দক্ষিণ ফ্লোরিডায় প্রায়ই গাড়িচাপায় খরগোশ, ভালুকজাতীয় প্রাণী র্যাকুন ও বৃক্ষবাসী আপসাম মারা যেত। কিন্তু ২০০৩ থেকে ২০১১ সালে র্যাকুন-মৃত্যুর ঘটনা ৯৯ দশমিক ৩ ও আপসামের ৯৮ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ ছাড়া কোনো খরগোশ মারা যায়নি।মাইকেল ডোরকাসার নেতৃত্বে পরিচালিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়, এভারগ্লেড ন্যাশনাল পার্কে অজগরের বংশবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা কমেছে। কিন্তু বার্মিজ অজগরগুলো কীভাবে এভারগ্লেডে গেছে, এ নিয়ে নানা মত রয়েছে। কেউ কেউ মনে করেন, পোষা অজগর অতিরিক্ত লম্বা হয়ে গেলে, অজগরের মালিকেরা সেগুলো এই পার্কে ছেড়ে দিয়ে যায়। অন্য এক দলের দাবি, ১৯৯২ সালে হারিকেন অ্যান্ড্রু ওই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় অনেক পোষা অজগর পার্ক এলাকায় চলে আসে। এর পর থেকে ফ্লোরিডার পর্যটক সৈকতের কাছে আর্দ্র ভূমিতে অজগরের বাচ্চার সংখ্যা বৃদ্ধি পায়। এএফপি ও বিবিসি।