সব মিসরীয়র প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা মুরসির
মিসরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সব মিসরীয়র নেতা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তিনি হবেন সব মিসরীয়র প্রেসিডেন্ট। তাঁর মন্ত্রিপরিষদ গঠিত হবে প্রতিভাবানদের সমন্বয়ে। বেসামরিক সরকার গঠনে তিনি এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছেন। এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।গত রোববার দেশটির নির্বাচন কমিশন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে বিজয়ী ঘোষণা করে। ঐতিহাসিক এ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি বলেন, ‘আমি হব সব মিসরীয়র প্রেসিডেন্ট। আমি মিসরীয় জনগণকে জাতীয় ঐক্য মজবুত করার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এই কঠিন মুহূর্তে জাতীয় ঐক্যই হচ্ছে একমাত্র পথ।’ব্রাদারহুডের মুরসি ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে আহমেদ শফিককে পরাজিত করেছেন। শফিক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে দায়িত্ব পালন করা সর্বশেষ প্রধানমন্ত্রী।মোবারকবিরোধী আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরসি বলেন, ‘বিপ্লব চলবে।’ তিনি আরও বলেন, ‘বিপ্লবের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে। আমরা সবাই একসঙ্গে এই বিপ্লব সম্পন্ন করব।’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের রক্ত, চোখের জল ও আপনাদের আত্মত্যাগ ছাড়া কখনোই এখানে আসতে পারতাম না।’ ৬০ বছর বয়সী এই প্রকৌশলী আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করে বলেন, ‘আমরা শান্তিতেই আছি।’মুরসির বিজয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে মিসরের গণতান্ত্রিক উত্তরণের পথে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি পরাজিত প্রার্থী শফিককে মিসরের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা ও মিসরীয়দের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কাজ করার জন্য উৎসাহিত করেন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন মুরসির প্রতি শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান তৈরি এবং গণতন্ত্র উন্নয়ন করার আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মিসরের সব রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠানকে নিয়ে মুরসির কাজ করতে হবে। তাঁকে অভিনন্দন জানানোর তালিকায় মিসরের ফিল্ড মার্শাল মোহাম্মেদ হুসেইন তানতাওয়িও রয়েছেন।মুরসিকে বিজয়ী ঘোষণার পর মুসলিম ব্রাদারহুড ঘোষণা দিয়েছে, ব্রাদারহুড ও এর দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি থেকে পদত্যাগ করেছেন মুরসি। মোবারকের আমলে জেল খাটেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মুরসি। মোবারকের শাসনামলে মুসলিম ব্রাদারহুডের রাজনীতি ছিল নিষিদ্ধ। মোবারকের পতনের পর তারা রাজনীতির অধিকার পায়।১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মুরসি ২৪ দশমিক ৭৮ শতাংশ ভোট পেয়ে প্রথম ও শফিক ২৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন। তবে দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।গত বছর ফেব্রুয়ারি মাসে আরব গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন মিসরের প্রায় ৩০ বছরের শাসক মোবারক। তাঁর পতনের পর দেশটিতে এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। বিবিসি ও এএফপি।