চীনে কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ার অভিযানের বইপত্র টেলিভিশন ও ইন্টারনেট থেকে মুছে ফেলতে সর্বোচ্চ চেষ্টা চলছে৷ কর্তৃপক্ষ চায়, জনসাধারণের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা না হোক এবং তরুণ প্রজন্মের চিন্তায় কোনোভাবেই যেন বিষয়টি না থাকে৷
চীনে রাজনৈতিক সংস্কারের দাবিতে তিয়েনআনমেন স্কয়ারে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল৷ সাত সপ্তাহব্যাপী ওই আন্দোলন দমনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শক্তিশালী নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছিল৷ সেখানে ১৯৮৯ সালের ৩ ও ৪ জুন সরকারি অভিযানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল বলে ধারণা করা হয়৷ নিহতের আসল সংখ্যাটি আড়াল করে ফেলেছিল সরকার৷ সংবেদনশীল ওই ঘটনার পর জন্মগ্রহণকারী লোকজন বিষয়টি নিয়ে আলোচনায় দ্বিধাবোধ করে৷ তিয়েনআনমেন অভিযানের ব্যাপারে পিকিং বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী এক ছাত্র বলেন, ‘আমি জানি না, আপনি কোন বিষয়ে কথা বলছেন৷’
চীনের টেলিভিশন, চলচ্চিত্র ও সংবাদপত্রে কঠোর সরকারি নিয়ন্ত্রণ রয়েছে৷ অনলাইনভিত্তিক তথ্যভান্ডার উইকিপিডিয়ায় ১৯৮৯ সালের কোনো তথ্য রাখা হয়নি৷ চীনের সংবাদমাধ্যম ও ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান দানওয়েইর প্রতিষ্ঠাতা জেরেমি গোল্ডকর্ন বলেন, শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের ফলে নতুন প্রজন্মের অনেকেই তিয়েনআনমেনের ঘটনার ব্যাপারে অজ্ঞ৷
লন্ডনে বসবাসকারী চীনা লেখক মা জিয়ান তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা নিয়ে ২০০৮ সালে বেইজিং কোমা নামে একটি উপন্যাস লিখেছেন৷ এতে ওই স্কয়ারে আন্দোলনকারী এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মূক, অন্ধ এবং শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার বর্ণনা রয়েছে৷ বইটি চীনে নিষিদ্ধ করা হয়েছে৷ ঘটনাটি নিয়ে ২০০৬ সালে সামার প্যালেস নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন লু ইয়ে৷ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হলেও চীনে মুক্তি দেওয়া হয়নি৷