লাতিন আমেরিকার সব দেশই মার্কিন নজরদারির শিকার হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার সাবেক প্রতিবেদক গ্লেন গ্রিনওয়াল্ড। বিশ্বজুড়ে মার্কিন নজরদারিসংক্রান্ত সাম্প্রতিক তথ্যাবলির অধিকাংশই ফাঁস করেছেন ব্রাজিলে বসবাসকারী এই মার্কিন সাংবাদিক।
গ্রিনওয়াল্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইন্টার আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের (আইএপিএ) সম্মেলনে সোমবার বক্তব্য দেন। তিনি বলেন, লাতিন আমেরিকায় প্রতিটি নজরদারির ঘটনা এবং যুক্তরাষ্ট্রের ভেতরে গোয়েন্দা তৎপরতা নিয়ে আরও তথ্য ফাঁস করা হবে।
গার্ডিয়ান থেকে গত সপ্তাহে পদত্যাগ করেছেন গ্রিনওয়াল্ড। তিনি বলেন, স্নোডেন যেসব তথ্য ফাঁস করেছেন সেগুলো পৃথিবীর অন্য প্রান্তে সুরক্ষিত রয়েছে।
গ্রিনওয়াল্ডের অনেক প্রতিবেদনের তথ্য মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া।
যুক্তরাষ্ট্রের নজরদারির ব্যাখ্যা চেয়ে ফ্রান্স ও মেক্সিকো ইতিমধ্যে জোরালো দাবি জানিয়েছে। ফ্রান্সে লাখ লাখ ফোনকলের ওপর যুক্তরাষ্ট্র আড়ি পাতে। এনএসএ মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফেলিপ কালদেরনের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। গ্রিনওয়াল্ড বলেন, ফ্রান্সের লো মঁদ পত্রিকায় সোমবার প্রকাশিত যেসব তথ্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, সেগুলো কয়েক দিন ধরেই ওই পত্রিকাটির হাতে ছিল।
যুক্তরাষ্ট্রের বিতর্কিত নজরদারির তথ্য নিয়ে প্যারিস ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ইতিমধ্যে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নির্ধারিত প্যারিস সফর বাতিল করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার ফোনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের নজরদারি বিষয়ে নিজের ‘গভীর অসন্তুষ্টি’ ব্যক্ত করেন। তিনি বলেছেন, ফরাসি নাগরিকদের ব্যক্তিগত ব্যাপারে এ ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।
লো মঁদ পত্রিকা জানায়, ফ্রান্সে ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত মোট সাত কোটি ৩০ লাখ ফোনে আড়ি পেতেছিল এনএসএ। এছাড়া মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট কালদেরনের ই-মেইল এনএসএ হ্যাক করেছিল বলে জার্মান সাপ্তাহিক পত্রিকা ডের স্পিগেল খবর প্রকাশ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর দেশের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। এএফপি।