সবই মার্কিন গোয়েন্দাদের নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারকারীদের সব কর্মকাণ্ডের ওপর তাৎক্ষণিকভাবে নজরদারি করতে এক্সকিস্কোর নামের একটি গোপন নজরদারি ব্যবস্থা ব্যবহার করেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা।এক্সকিস্কোর ব্যবহার নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর প্রশিক্ষণ কর্মসূচির জন্য তৈরি ৩২টি স্লাইড ফাঁস করেছে গার্ডিয়ান। ইন্টারনেটে নজরদারির জন্য এনএসএর সবচেয়ে বেশি ব্যবহূত এবং সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা এই এক্সকিস্কোর।প্রভাবশালী ব্রিটিশ পত্রিকাটি লিখেছে, ফাঁস হওয়া নথি থেকে এটা প্রমাণিত হয়েছে যে মার্কিন গোয়েন্দাদের নজরদারি সম্পর্কে স্নোডেন যে দাবি করেছিলেন, তা ঠিক। স্নোডেন বলেছেন, এনএসএ ত্যাগ করার আগ পর্যন্ত তিনি চাইলে যে কারও ইন্টারনেট কর্মকাণ্ড সরাসরি দেখতে পারতেন। একজন বিচারক থেকে প্রেসিডেন্টের ওপরও নজরদারি করা সম্ভব ছিল।তবে হোয়াইট হাউস দাবি করেছে, এক্সকিস্কোরের মতো ব্যবস্থা ব্যবহারের সুযোগ অল্প কয়েকজনের মধ্যে সীমিত। শুধু যাদের এই দায়িত্ব দেওয়া হয়, তারাই সেটা করতে পারে। আর সেটার অপব্যবহার হচ্ছে কি না, তাও বারবার খতিয়ে দেখা হয়।গার্ডিয়ান পত্রিকার ওয়েবসাইটে মার্কিন গোয়েন্দাদের ওই প্রশিক্ষণের ৩২টি স্লাইড প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মার্কিন অভিযানের বিস্তারিত কিছু তথ্য থাকায় চারটি স্লাইড ঝাপসা করে দেওয়া হয়। তবে অন্য স্লাইডগুলো থেকে এটা পরিষ্কার হয়, এক্সকিস্কোরের সাহায্যে একজন মার্কিন গোয়েন্দা চাইলেই যে কারও ই-মেইল, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের কর্মকাণ্ড সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এক্সকিস্কোরের জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ৫০০টি সার্ভার বসানো আছে।মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দিয়ে দেশ ছাড়ার সময় গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়েছিলেন স্নোডেন। গত জুনে হংকংয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছিল গার্ডিয়ান। তখনই এক্সকিস্কোর-সংক্রান্ত গোপন নথিপত্র পায় গার্ডিয়ান। ওই সময় কেন তা প্রকাশ করা হয়নি, তা জানায়নি পত্রিকাটি।গার্ডিয়ান এসব নথি এমন সময় প্রকাশ করল, যখন মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের শুনানিতে উপস্থিত করা হচ্ছে। আইনপ্রণেতাদের আশঙ্কা, গোয়েন্দারা আইন লঙ্ঘন করেছেন। এএফপি।