সবক দেবেন না, ব্রিটেনকে কাজাখস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ (ডানে) ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ সোমবার আস্তানায় এক অনুষ্ঠানে অংশ নেন। ছবি: রয়টার্স
কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ (ডানে) ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ সোমবার আস্তানায় এক অনুষ্ঠানে অংশ নেন। ছবি: রয়টার্স

কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ আজ সোমবার বলেছেন, তাঁর দেশকে ‘সবক’ দেওয়ার অধিকার অন্য কোনো দেশের নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক অনুষ্ঠানে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নুরসুলতান এ মন্তব্য করেন।
রয়টার্স জানায়, ডেভিড ক্যামেরন আজ এক সংক্ষিপ্ত সফরে কাজাখস্তানে যান। সেখানে তিনি ১০৬ কোটি ডলারের একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরন বেশ লম্বা সময় ধরে কাজাখ সরকারের দমননীতির বিষয়ে কথা বলেন।
এ সময় নুরসুলতান নির্বিকার ভঙ্গিতে বসে ছিলেন। তিনি কাজাখস্তানের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান।
ক্যামেরন বলেন, ব্রিটেনের অর্থনীতি গতিহীন হয়ে পড়ছে বলেই এর অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্য আনা জরুরি হয়ে পড়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, অর্থনীতির দোহাই দিয়ে ব্রিটেন মানবাধিকারের চেয়ে বাণিজ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের বক্তব্য হলো, কাজাখস্তানের মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ, তাই এ দেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যচুক্তি করা উচিত নয়।
প্রেসিডেন্ট নুরসুলতানের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ আমাদের যে পত্র দিয়েছে, সেটি আমি আলোচনা করেছি। চিঠিতে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তাও বলেছি।...এটি গুরুত্বপূর্ণ যে, আমাদের মধ্যে খোলাখুলি আলাপ হয়েছে।’

নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ গত শুক্রবার এক চিঠিতে কাজাখস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, দেশটিতে সরকারের সমালোচকদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় না।

সাবেক কমিউনিস্ট পার্টির নেতা নুরসুলতান ২০ বছরের বেশি সময় ধরে কাজাখস্তানের ক্ষমতায় আছেন। তিনি তাঁর ভাষণে বলেন, ‘আপনার সুপারিশ ও পরামর্শের জন্য ধন্যবাদ। তবে আমাদের কীভাবে চলতে হবে, তা শেখানোর অধিকার কারও নেই।’

নুরসুলতান ক্যামেরনকে বলেন, ‘আপনাদের দ্বীপের মানুষ ভাবে, অবলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সদস্যরাষ্ট্রটি এখনো মধ্যযুগে অবস্থান করছে এবং এর লোকজন এখনো উট বা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়।’ কাজাখস্তানে গণতান্ত্রিক চর্চার বিকাশের জন্য আরও সময় লাগবে বলে জানান নুরসুলতান।

প্রেসিডেন্ট আরও বলেন, ‘ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের বয়স ৬০০ বছরের বেশি। আমাদের এত সময় লাগবে না। গণতন্ত্র আমাদের যাত্রার প্রথম পদক্ষেপ নয়, বরং শেষ লক্ষ্য। আমরা সামনে এগোচ্ছি।’