সবচেয়ে ক্ষমতাশালী পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস-এর তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্ব হিসেবে ভ্লাদিমির পুতিনের নাম উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। আর তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শীর্ষ দুজনের মধ্যে থাকতে না পারার ঘটনা এবারই প্রথম। খবর দ্য ইনডিপেনডেন্টের।
ক্ষমতাশালী ব্যক্তিদের ৭৩ জনের একটি তালিকা করা হয়। ব্যক্তিগত অর্থের পরিমাণ, প্রভাব বিস্তার করতে সক্ষম এমন লোকের সংখ্যা এবং শক্তিশালী ব্যক্তিরা কীভাবে তাঁদের ক্ষমতা প্রয়োগ করেন—এসব নিয়ামকের ওপর ভিত্তি করে ওই ৭৩ জনের তালিকাটি তৈরি করা হয়। পরে ভোটের মাধ্যমে তালিকায় তাঁদের অবস্থান নির্বাচন করে ফোর্বস।
গত বছর তালিকায় চতুর্থ অবস্থানে ছিলেন পোপ ফ্রান্সিস। এবারও তিনি ওই অবস্থান ধরে রেখেছেন। গত বছরের তুলনায় দুই ধাপ নিচে পঞ্চম অবস্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ফোর্বস-এর সম্পাদক রান্ডাল লেন দ্য ইনডিপেনডেন্টকে বলেন, বৈশ্বিক শক্তির কাঠামোতে যে আমূল পরিবর্তন হয়েছে, এই তালিকাটি সেটিই তুলে ধরেছে। তিনি বলেন, গত দশকজুড়ে একটি প্রবণতা স্পষ্ট যে পশ্চিমাদের শক্তি ক্রমাগত কমছে এবং পুবের শক্তি ক্রমাগত বাড়ছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থান থেকে বাদ পড়লেন।
তালিকায় ষষ্ঠ থেকে দশম অবস্থানে পর্যায়ক্রমে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্কিন অর্থনীতিবিদ জ্যানে ইয়েলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজ।
ফোর্বস-এর এই তালিকায় নতুন স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে হিলারি ক্লিনটন রয়েছেন ৫৮তম অবস্থানে, ডোনাল্ড ট্রাম্প ৭২তম এবং কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়েছেন ৬৯তম অবস্থানে।