সবচেয়ে বয়স্ক ব্যক্তি জিরোমন কিমোরার মৃত্যু
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাগরিক জিরোমন কিমোরা ১১৬ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার সকালে কিয়োটো শহরের কিওতাঙ্গো এলাকার একটি হাসপাতালে তিনি মারা যান। স্থানীয় প্রশাসন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আজ বিবিসি ও দ্য জাপান টাইমস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে জিরোমন কিমোরাকে গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি কিছুটা সেরেও ওঠেন। তবে কয়েক দিন আগে আবার তাঁর অবস্থার অবনতি ঘটে।
১৮৯৭ সালের ১৯ এপ্রিল হনসো দ্বীপের কিয়োটোয় জন্মগ্রহণ করেন জিরোমন কিমোরা। ২০১১ সালের এপ্রিলে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির স্বীকৃতি দেয়।
কিমোরা তাঁর কর্মজীবন থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত স্থানীয় ডাকঘরে কাজ করতেন। ৯০ বছর বয়স পর্যন্ত তিনি তাঁর ছেলেকে কৃষিকাজেও সহায়তা করেছেন। সাত সন্তানের জনক কিমোরা জীবনের শেষ দিনগুলোতে তাঁর এক নাতির স্ত্রীর তত্ত্বাবধানে ছিলেন। তাঁর দীর্ঘ জীবনের মন্ত্র হচ্ছে, ‘কম খাও, বেশিদিন বাঁচো।’