সবচেয়ে আশাবাদী!
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যেমন গরম, তেমনই আর্দ্রতাও বেশি। দেশটির অর্থনৈতিক ভিতও তেমন সবল নয়। এর পরও সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, বিশ্বে নাইজেরিয়ার মানুষ সবচেয়ে আশাবাদী। ৫৩টি দেশে চালানো গ্যালাপ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপের ফলাফলে এই তথ্য জানা গেছে।লাগোস নাইজেরিয়ার একটি বড় শহর। ওই শহরের মুরতালা মোহাম্মাদ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনাকক্ষে নতুন কেউ ঢুকলে অন্য রকম অনুভূতি হবে। মনে হবে উষ্ণ তোয়ালের পরশ বোলাল কেউ। এ ধাক্কা সামলে উঠলে সহজেই নজর কেড়ে নেবে বিশাল একটি বোর্ড। সেখানে নাইজেরিয়ায় আসার জন্য অভ্যর্থনা জানানো হয়েছে। এর নিচেই রয়েছে আরেকটি বাক্য। এতে ইংরেজিতে লেখা ‘বিশ্বের সবচেয়ে সুখের জায়গা’!গ্যালাপের জরিপ অনুযায়ী, ৫৩টি দেশের মধ্যে সর্বোচ্চ ৭০ পয়েন্ট পেয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি ও অর্থনীতি সম্পর্কে মোটামুটি যাদের ধারণা রয়েছে, এমন ফলাফলে তাদের অবাক হওয়া কথা। প্রশ্ন জাগা স্বাভাবিক দারিদ্র্য, দুর্নীতি ও সংঘর্ষের দেশ হিসেবে যার পরিচিতি, সেই নাইজেরিয়া কিনা সবচেয়ে সুখের দেশ!বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার মানুষের সুখী হওয়ার মূলমন্ত্র হচ্ছে আশা নিয়ে বসবাস। কোনো কাজ পারা না-পারা বিষয় নয়, ইতিবাচক লক্ষ্য নিয়ে সব সময় তারা সামনের দিকে ছোটে। হতোদ্যম হয়ে পিছু হটা সাধারণ নাইজেরীয়দের মধ্যে নেই। এ জন্য আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তারা।পরিসংখ্যানে দেখা গেছে, আফ্রিকা মহাদেশের প্রতি ২০ জন নাগরিকের মধ্যে একজন নাইজেরীয় রয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, দেশটির বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ৪৭ লাখ। গার্ডিয়ান অনলাইন।