সবচেয়ে কম ঘুমায় বুনো হাতি?

পৃথিবীর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে কম ঘুমায় আফ্রিকার বুনো হাতি। দিন-রাত মিলিয়ে এরা গড়ে মাত্র দুই ঘণ্টা ঘুমায়। প্রধানত রাতেই এই সংক্ষিপ্ত নিদ্রা সারে তারা।
দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারসর্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা চালিয়ে এমন তথ্য জানিয়েছেন। ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মানজারের নেতৃত্বে একদল গবেষক পাঁচ সপ্তাহ ধরে দুটি বুনো হাতির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছেন।
গবেষকেরা বলেছেন, বুনো হাতির ঘুমের ধরন সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাঁরা বতসোয়ানার একটি ন্যাশনাল পার্কের দুটি অতিকায় হাতির গতিবিধির ওপর নজর রাখা শুরু করেন। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য হাতি দুটির দেহে ইলেকট্রনিক যন্ত্রপাতি ও রেকর্ডার বসিয়ে দেওয়া হয়।
গভীর ঘুমে আচ্ছন্ন মানুষ যখন স্বপ্ন দেখে, তখন চোখের মণি বারবার নড়ে। ঘুমের এই গভীরতম পর্যায়কে বলে র্যাপিড আই মুভমেন্ট (আরইএম, সংক্ষেপে রেম)। গবেষকেরা দেখেছেন, পর্যবেক্ষণে থাকা হাতি দুটি প্রতি তিন বা চার দিনে মাত্র একবার রেম পর্যায়ের ঘুমে আচ্ছন্ন হয়েছে।
গবেষকেরা দেখেছেন, চিড়িয়াখানার হাতি দৈনিক চার থেকে ছয় ঘণ্টা ঘুমায়। কিন্তু জঙ্গলের হাতি বিশ্রাম নেয় মাত্র দুই ঘণ্টা। আর সিংহ কিংবা শিকারিদের হাত থেকে পালানোর দরকার হলে লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য এরা চার-পাঁচ দিনে কোনো বিশ্রামই নেয় না।
গবেষক দলের প্রধান পল মানজার বলেন, হাতির এই কম ঘুমানোর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে দেহের বিরাটাকৃতির সঙ্গে তাদের ঘুম কম হওয়ার সম্পর্ক থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। তাঁরা দেখেছেন, স্তন্যপায়ীদের মধ্যে যাদের দেহ যত বড় তাদের ঘুম তত কম। উদাহরণ হিসেবে তাঁরা বলেছেন, শ্লথ দিনে প্রায় ১৪ ঘণ্টা ঘুমায়। সে তুলনায় মানুষ ঘুমায় প্রায় আট ঘণ্টা। তবে হাতি এত পরিশ্রম করে এত কম ঘুমিয়ে সুস্থভাবে বাঁচে কী করে, তা এক বিস্ময়।