সবচেয়ে খারাপ সময় কেটেছে রোবেন দ্বীপে: ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপে কারাবন্দী অবস্থায় জীবনের সবচেয়ে খারাপ দিন কেটেছে দেশটির বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার। ওই সময়ে তাঁর পরিবারকে অনেক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু পরিবারের জন্য কিছু করতে না পারায় দারুণ অসহায়ত্ব অনুভব করেন ম্যান্ডেলা। কিংবদন্তি এই নেতার ব্যক্তিগত চিঠি ও ডায়েরি থেকে এসব তথ্য পাওয়া গেছে।আজ মঙ্গলবার এমন অনেক তথ্য নিয়ে বিশ্বের ২২টি দেশে ২০টি ভাষায় কনভারসেশন উইথ মাইসেলফ শিরোনামে একটি বই প্রকাশিত হবে। ম্যান্ডেলার জীবনের অনেক অজানা তথ্য রয়েছে এই বইয়ে। ম্যান্ডেলার চিঠি, ডায়েরি, রেকর্ড করা কথোপকথনসহ বিভিন্নভাবে সংগৃহীত তথ্য এই বইয়ে তুলে ধরা হয়েছে। ১৯৯৫ সালে ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম-এর ধারাবাহিকতায় নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের উদ্যোগে এই বই প্রকাশ করা হচ্ছে। ম্যান্ডেলার নতুন এই বইয়ের মুখবন্ধ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলা লিখেছেন, রোবেন দ্বীপে তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো কেটেছে। তিনি বলেন, ‘নির্দিষ্ট সময় উল্লেখ করা কঠিন। তবে কারাগারে থাকতে আমার পরিবার বারবার পুলিশের হয়রানির মুখে পড়েছে। পরিবারের ওপর হামলাও হয়েছে। কিন্তু ওই সময় আমি তাঁদের পাশে দাঁড়াতে পারিনি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়।’ দীর্ঘ ২৭ বছর কারাবন্দী ছিলেন ম্যান্ডেলা। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সামরিক শাখা চালুর ক্ষেত্রে নেতৃত্ব দেন নেলসন ম্যান্ডেলা। তৎকালীন দলের তরুণ কর্মী ম্যান্ডেলাই এএনসিকে অহিংস নীতি থেকে সরিয়ে আনেন। ম্যান্ডেলা বলেন, এমন কিছু সময় আসে যখন আর সহিংসতা এড়ানো সম্ভব হয় না। অনেক ভালো ভালো মানুষও তা এড়ানোর পথ খুঁজে পায় না।নতুন বইয়ে ম্যান্ডেলার একান্ত ব্যক্তিগত কিছু তথ্যও উঠে এসেছে। এতে প্রথম স্ত্রী ইভলিন যে তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন, তাও তুলে ধরা হয়েছে। ইভলিনের ঘরে ম্যান্ডেলার দুই ছেলে হয়। ১৯৬৯ সালে তাঁর বড় ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হলে তিনি শেষকৃত্যে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু কারাবন্দী থাকায় পারেননি। কারা কর্তৃপক্ষ তাঁকে শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। এতে ম্যান্ডেলা মানসিকভাবে দারুণ আঘাত পান। ম্যান্ডেলা বলেন, ‘ছেলের মৃত্যুর কয়েক বছর পর নয় মাসের এক কন্যাশিশু মারা গেলে আমি একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম।’নতুন বইয়ে অবশ্য ১৯৯০ সালে কারামুক্তির পর ম্যান্ডেলার পরের জীবনের বিস্তারিত কিছু তুলে ধরা হয়নি। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। রয়টার্স, এএফপি।