সবচেয়ে ছোট অ্যাকুরিয়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি একটি মাছের অ্যাকুরিয়াম। হাতের তালুতে দিব্যি রাখা যায়। এতে স্রেফ দুই চামচ পানি ধরে। এটির দৈর্ঘ্য ৩০ মিলিমিটার, উচ্চতা ২৪ মিলিমিটার ও প্রস্থ ১৪ মিলিমিটার। অন্য সব সাধারণ অ্যাকুরিয়ামের মতো এতে বালি, রঙিন পাথর ও জলজ আগাছা রয়েছে। শুধু তাই নয়, এতে ছেড়ে দেওয়া হয়েছে ড্যানিও-রেরিও নামে এক জাতের অতি খুদে মাছ। একটি খুদে এয়ার কম্প্রেসারের মাধ্যমে মাছটিকে জীবিত রাখা হয়েছে। এই দৃষ্টিনন্দন খুদে অ্যাকুরিয়ামটি তৈরি করেছেন রাশিয়ার সাইবেরিয়ার ওমস্ক শহরের অণুশিল্পী আনাতোলি কোনেনকো। তাঁর দাবি, এটিই বিশ্বের সবচেয়ে ছোট অ্যাকুরিয়াম। প্রায় ৩০ বছর ধরে একের পর এক এ ধরনের খুদে জিনিস তৈরি করছেন কোনেনকো। সাইবেরিয়ায় তিনিই প্রথম এ ধরনের অণুশিল্পী। তিনি চাল, পেস্তা দানা ও মানুষের চুলের ওপর ছবি আঁকার কৌশল বের করেন। উদ্ভাবন করেন এসব ছবি আঁকার উপকরণ। খুদে অ্যাকুরিয়াম তৈরির ব্যাপারে কোনেনকো বলেন, এই অ্যাকুরিয়াম তৈরিতে তাঁর ছেলেরও অবদান রয়েছে। কোনেনকোর ছেলে মাছের ডিম থেকে পোনা উৎপাদন করেন। ছেলেই কোনেনকোকে প্রস্তাব দেন, ‘চলো বাবা, বিশ্বের সবচেয়ে খুদে অ্যাকুরিয়াম তৈরি করি।’কোনেনকো জানান, এর আগে বিশ্বের সবচেয়ে ছোট যে মাছের অ্যাকুরিয়াম তৈরি করা হয়, এতে ৬০ মিলিলিটার পানি ধরত। তাঁদের তৈরি অ্যাকুরিয়ামে পানি ধরে মাত্র ১০ মিলিলিটার। এর আগে কোনেনকো ২০০২ সালে বিশ্বের সবচেয়ে খুদে বই তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেন। ওই বইয়ের আয়তন এক বর্গ মিলিমিটারের কম। কোনেনকো এর মধ্যে তাঁর বিভিন্ন খুদে শিল্পকর্ম যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, স্পেন, জাপান ও চীন নিয়ে গেছেন। বিশ্বের অনেক জাদুঘরে তাঁর শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। দ্য ভয়েস অব রাশিয়া অনলাইন।