সবচেয়ে দামি ক্যামেরা!
একটি ছবি এক হাজার শব্দের গল্প বলে দেয়। আর সেই ছবিটি যদি তোলা হয় বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরায়, তাহলে তো কথাই নেই। জার্মানির তৈরি লাইকা জিরো সিরিজের একটি ক্যামেরা নিলামে বিক্রি হয়েছে সাড়ে ১১ লাখ ব্রিটিশ পাউন্ডে। ক্যামেরাটির বয়স ৯০ বছরের বেশি। ভিয়েনার নিলামকারী প্রতিষ্ঠান ভেস্টলিখ্ট থেকে এত দাম দিয়ে এটি কিনে নিয়েছেন এশিয়ার কোনো এক ব্যক্তি। এই ব্যক্তিগত সংগ্রাহকের পরিচয় জানা যায়নি। তিনি শুধু শখের বশে এত দাম দিয়ে ক্যামেরাটি কিনেছেন মনে করলে ভুল হবে। কেননা, ১৯২৩ সালে তৈরি ক্যামেরাটি এখনো দারুণ ছবি তুলতে পারে।লাইকা জিরো মডেলের ক্যামেরা বাণিজ্যিকভাবে প্রথম বাজারে আসে ১৯২৫ সালে। কিন্তু এরও দুই বছর আগে এই মডেলের আদি নমুনা ২৫টি ক্যামেরা পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। নিলামে বিক্রি হওয়া ক্যামেরাটি সেই ২৫টির একটি। কারখানার নথি থেকে জানা গেছে, পেটেন্ট নিবন্ধনের জন্য এটি তখন নিউইয়র্কে পাঠানো হয়েছিল।এর আগে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া বিশ্বের প্রথম ক্যামেরাটি গত বছর নিলামে বিক্রি হয় সাত লাখ ৩২ হাজার পাউন্ডে। ডেইলি মেইল।