সবচেয়ে দামি বাড়ির অন্দরমহল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দামি বাড়ির অন্দরমহলটা দেখতে কেমন, তা নিয়ে মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক! কিন্তু ওই বাড়ির গৃহকর্ত্রী যদি নিজ ঘরের খবর পরকে না জানাতে চান, তাহলে তাঁকে দোষ দেওয়ার উপায় নেই। যদিও দীর্ঘ প্রতীক্ষার পর বাড়ির অন্দরমহলের খবর জানিয়েছেন ওই গৃহকর্ত্রী। ভারতের মুম্বাইয়ের আলতামাউন্ট সড়কে বিশ্বের সবচেয়ে দামি বাড়িটির অবস্থান। নাম ‘অ্যান্টিলিয়া’। আটলান্টিক মহাসাগরের কল্পিত একটি দ্বীপের নামের সঙ্গে মিল রেখে বাড়িটির নাম রাখা হয়েছে। বাড়ির গৃহকর্ত্রী ভারতের শীর্ষতম ধনী ব্যক্তি ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজুড়ে আলোচিত বাড়িটি নিয়ে কথা বলেছেন তিনি। ম্যাগাজিনটির আগামী জুন মাসের সংখ্যায় সাক্ষাৎকারটি প্রকাশিত হবে।এর আগে যেসব ব্যক্তি অ্যান্টিলিয়াতে প্রবেশের সুযোগ পেয়েছেন, তাঁরা ওই বাড়ি-সম্পর্কিত নানা তথ্য দিয়েছেন। কেউ কেউ বাড়িটিতে হেলিপ্যাড (হেলিকপ্টার অবতরণের স্থান), সুবিশাল পাঠাগার, বিরাট খাবার ঘর, দুর্লভ মার্বেল পাথরের মেঝে, এমনকি স্নো-রুম রয়েছে—এমন বর্ণনাও দিয়েছেন।২৭ তলাবিশিষ্ট এই বাড়িটি নির্মাণে ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে। বাড়িটির উচ্চতা ৫৭০ ফুট। বাড়ির বেশ কয়েকটি তলা স্বাভাবিক উচ্চতার চেয়ে দুই বা তিন গুণ বেশি বড়। যে কারণে পুরো বাড়ির উচ্চতা আসলে ৪০ তলা উঁচু ভবনের সমান।নীতা আম্বানি বলেন, অ্যান্টিলিয়া নিয়ে গণমাধ্যমে যত খবর প্রকাশিত হয়েছে, এর বেশির ভাগই অতিরঞ্জন। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁরা ওই বাড়িতে থাকছেন।নিজের বাড়ি সম্পর্কে নীতা আম্বানি বলেন, ভারতকে হূদয়ে ধারণ করে এটি একটি আধুনিক বাড়ি। বাড়ির ভেতরে বহুতল গ্যারেজ (গাড়ি রাখার স্থান), একটি হলঘর, একটি স্পা, একটি থিয়েটার, অতিথিদের জন্য বিলাসবহুল কামরা এবং বেশ কয়েকটি উঁচু বাগান রয়েছে। নীতা আম্বানি বলেন, সূর্যের আলোর প্রয়োজনীয়তার কারণে বাড়িটির শীর্ষতলার ডান দিকে তাঁরা থাকেন। তিনি বলেন, বাড়িটির নকশা করা হয়েছে পদ্ম ও সূর্যকে ভিত্তি করে। আর বাড়িটি সাজাতে ব্যবহার করা হয়েছে দুষপ্রাপ্য কাঠ, মার্বেল, মুক্তা ও কাচ (ক্রিস্টাল)। শিল্প নকশা করেছেন ভারতীয় কারিগরেরা। আট-দশটা ভারতীয় হিন্দু বাড়ির মতোই এই বাড়িতেও একটি প্রার্থনা ঘর রয়েছে। বিবিসি।