সবচেয়ে দামী ভুভুজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা বিশ্ব এখন ফুটবলজ্বরে আক্রান্ত। সবার চোখ দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রায় এক মাস ধরে ফুটবল রণাঙ্গন মাতিয়ে রেখেছেন মেসি, রবিনহো, ফোরলান, স্নাইডার, ভিয়া, ক্লোসার মতো তারকারা। কোটি কোটি সমর্থক আর দর্শকের উত্তেজনার পারদে আগুন জ্বেলেছেন এসব মহাতারকা। কিন্তু বর্তমান সময়ের এসব রথি-মহারথি ছাড়াও সবার মুখে মুখে আরও একটি নাম ফিরছে। সেটি হচ্ছে ভুভুজেলা বাঁশি। বিশ্বকাপ ফুটবলের বদৌলতে এই বাঁশি এখন গোটা বিশ্বের কাছে পরিচিত।এই ভুভুজেলার সুর আর সৌন্দর্যের প্রেমে পড়েছেন একজন রুশ ব্যবসায়ী। সেই প্রেম এমনই যে, একটি ভুভুজেলা এরই মধ্যে কিনে ফেলেছেন। তাও যেনতেন নয়। সোনায় মোড়ানো, হীরাখচিত ভুভুজেলা। এটা নিয়ে তিনি ১১ জুলাই যাবেন দক্ষিণ আফ্রিকায়। গ্যালারিতে বসে দেখবেন ফাইনাল খেলা।এমনিতে একটি সাধারণভুভুজেলার দাম মাত্র দুই পাউন্ড।কিন্তু সোনা ও হীরাখচিত প্লাস্টিকের এ বাঁশিটি রুশ ব্যবসায়ীকিনেছেন ২০ হাজার পাউন্ড দিয়ে। বলা হচ্ছে, এটিই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে দামি ভুভুজেলা। ব্যয়বহুল এ ভুভুজেলা বানানোর দায়িত্ব পেয়েছিলেন অস্ট্রিয়ার লিনজভিত্তিক স্বর্ণকার ক্লেমেন পয়েন্টনার। সম্প্রতি মস্কোয় এক বাণিজ্য মেলায় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় ওই রুশ ব্যবসায়ীর। পয়েন্টনার বলেন, ‘ওই রুশ ব্যবসায়ী আমার কাছে জানতে চেয়েছিলেন, এ রকম একটি বাঁশি বানানো সম্ভব কি না? আমি তাঁকে বলেছিলাম, সম্ভব।’ পয়েন্টনার জানান, বাঁশি বানানোর কাজটি খুবই দ্রুত সারতে হয়েছে। কারণ ওই রুশ ব্যবসায়ী এ বাঁশি নিয়েই ফাইনাল খেলা দেখার পরিকল্পনা করেছেন। এ জন্য তাঁর এক বন্ধু তাঁকে ফাইনাল খেলার একটি টিকিটও সংগ্রহ করে দিয়েছেন। স্বর্ণকার পয়েন্টনার ওই রুশ ব্যবসায়ীর নাম প্রকাশ করেননি। অরেঞ্জ অনলাইন।