সবচেয়ে ধীরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে ধীরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ব্রিটিশ নারী জ্যাকি কোবেল। চ্যানেলটি অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ২৮ ঘণ্টা ৪৪ মিনিট। এর মাধ্যমে প্রায় ৯০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ব্রিটেনের টনব্রিজের এই বাসিন্দা। আগের রেকর্ডটি ছিল ২৬ ঘণ্টা ৫০ মিনিটের। ১৯২৩ সালে যুক্তরাষ্ট্রের হেনরি সুলিভান এই রেকর্ড গড়েন।যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ডেইলি এক্সপ্রেস গতকাল বুধবার জানায়, ঢেউয়ের তোড়ে কোবেলের (৫৬) গতিপথ পাল্টে যাওয়ায় তাঁকে ৬৪ মাইল সাঁতার কাটতে হয়েছে। যা ইংল্যান্ডের ডোভার থেকে ফ্রান্সের ক্যালে পর্যন্ত সরাসরি ইংলিশ চ্যানেলের ২১ মাইলের দৈর্ঘ্যের তিন গুণ। ইংলিশ চ্যানেল ডোভার প্রণালীতে ফ্রান্স ও ব্রিটেনকে আলাদা করেছে এবং আটলান্টিক ও উত্তর সাগরকে যুক্ত করেছে ।কোবেলকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ‘সময় নিয়ে আমার কোনো ধারণা ছিল না। আমি ওপারের তীর লক্ষ্য করে এগোচ্ছিলাম এবং ভাবছিলাম এই তো পৌঁছে গেছি। এমন সময় একটি বড় ঢেউ এসে আমাকে গতিপথ থেকে সরিয়ে নেয়। ঢেউয়ের আঘাতে হাতে ব্যথা পেলেও তীরে পৌঁছানোর ব্যাপারে আমার লক্ষ্য স্থির ছিল। আশা করেছিলাম ১৮ ঘণ্টায় চ্যানেলটি অতিক্রম করতে পারব।’ টাইমস অব ইন্ডিয়া অনলাইন।