সবচেয়ে বেশি আসন আর ভোটারের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চলমান লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসনে ভোট হলো গতকাল বৃহস্পতিবার। পঞ্চম দফার এ ভোটে দেশজুড়ে ছড়ানো ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। গতকাল মোট এক হাজার ৭৬২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। তাঁদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াসহ অনেক বাঘা প্রার্থী।
বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মনিপুর, ওডিশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে ভোট হয়েছে কাল। এই ১২টি রাজ্যের ভোট হওয়া ১২১ আসনে ভোটার ১৬ কোটি ৬১ লাখের বেশি। এক দিনে সবচেয়ে বেশি আসনে এবং সবচেয়ে বেশি ভোটারের ভোট দেওয়ার দিন ছিল কাল। সবচেয়ে বেশি ভোট পড়ে পশ্চিমবঙ্গে, ৮০ শতাংশের বেশি।
গতকাল ভোট হওয়া ১২১ আসনের মধ্যে বর্তমানে কংগ্রেস এবং তাদের মিত্রদের দখলে আছে ৪৫টি। আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তাদের মিত্রদের কাছে আছে ৪৭টি।
এর মধ্যে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার লোকসভা নির্বাচনেও ওই তিন রাজ্যে ভালো করার আশা করছে দলটি। অন্যদিকে উত্তর প্রদেশ, বিহার ও কর্ণাটকে গত বছরের নির্বাচনে কংগ্রেসের কাছে হেরেছিল বিজেপি। এবার ওই সব জায়গায় জয়ী হওয়ার জোর চেষ্টা করছে দলটি।
৫৪৩ আসনের লোকসভায় উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার রাজ্যের মোট আসন ১৬৮টি। জনমত জরিপে এগিয়ে থাকা বিজেপিকে দুই শতাধিক আসন কবজা করা তথা ক্ষমতায় আসার জন্য এই তিন রাজ্যে অনেক এগিয়ে থাকতে হবে। গতকাল এ তিন রাজ্যের মোট ৩৭টি আসনে ভোট হয়েছে।
মহারাষ্ট্রের পশ্চিমাংশে মারাঠা অধ্যুষিত অঞ্চলে কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) ঘাঁটি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিয়েছে বিজেপি ও শিবসেনা। এই রাজ্যের ১৯ আসনে গতকাল ভোট হয়। প্রভাবশালী প্রার্থীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন ও বিজেপি নেতা গোপীনাথ মুন্ডে।
বিহারের এবারের নির্বাচন নীতিশ কুমারের জনতা দলের (ইউ) জন্য শক্ত পরীক্ষা। এই রাজ্যের ৪০টি আসনের মধ্যে অন্তত ২০টিতে জেতার চেষ্টা করছে বিজেপি। কংগ্রেসের অবস্থানও সেখানে ভালো। গতকাল ভোট হয়েছে বিহারের সাতটি আসনে। এ সাত আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া শত্রুঘ্ন সিনহা, সাবেক স্বরাষ্ট্রসচিব আর কে সিং, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে মিসা ভারতী, লালুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর এবার বিজেপির প্রার্থী রামকৃপাল যাদব ও রঞ্জন যাদব।
সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে গতকাল ১১টি আসনে ভোট হয়েছে। ২০০৯ সালে এর মধ্যে চারটিতে সমাজবাদী পার্টি (এসপি), তিনটিতে কংগ্রেস এবং দুটিতে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিলেন। এবার এসপির সঙ্গে বিজেপির জোরালো লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল ভোট হওয়া আসনগুলোর প্রার্থীদের মধ্যে ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গান্ধী পরিবারের সদস্য মানেকা গান্ধী, সন্তোষ গাংগোয়ার, সালিম শেরওয়ানি, ধর্মেন্দ্র যাদব ও বেগম নূর বানুর মতো হেভিওয়েট প্রার্থী। গতকাল আসনগুলোতে ভোট দিয়েছেন প্রায় ৫৯ শতাংশ ভোটার।
ওডিশায় এবার বিজেপির অবস্থা আগের চেয়ে বেশ ভালো। কিন্তু তা হলেও দলটি এখানে খুব বেশি আসন পাবে বলে মনে হয় না। কারণ, সেখানে তাদের সাংগঠনিক অবস্থা বেশ দুর্বল। লোকসভার ১১টি আসনের পাশাপাশি গতকাল ওডিশার রাজ্য বিধানসভার ৭৭টি আসনেও ভোট হয়েছে।
মধ্যপ্রদেশে গতকাল ভোট হওয়া ১০টি আসনের বেশির ভাগই বর্তমানে বিজেপির দখলে। এবারও আসনগুলো ধরে রাখার আশা করছে দলটি।
পশ্চিমবঙ্গে গতকাল প্রথম ভোট হয়েছে। চারটি আসনে ভোট হয়। বিকেল চারটা পর্যন্ত এ আসনগুলোতে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়ে।
কর্ণাটকে গতকাল ভোট হয় ২৮টি আসনে। এর মধ্যে দুটি আসনের দিকে সবার নজর ছিল। বেঙ্গালুরু দক্ষিণ আসনে বিজেপির পাঁচবারের লোকসভা সদস্য অনন্ত কুমারের বিপক্ষে কংগ্রেসের হয়ে লড়ছেন ধনকুবের নন্দন নিলেকেনি। আর হাসান আসনে জনতা দলের (এস) হয়ে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া।
এ ছাড়া রাজস্থানের ২০টি, ছত্তিশগড়ের তিনটি, গোয়ার দুটি, জম্মু ও কাশ্মীর এবং মণিপুরের একটি করে আসনে গতকাল ভোট হয়। এর মধ্যে রাজস্থানে ৫৮ শতাংশ, কাশ্মীরে ৬১ শতাংশ ও মণিপুরে ৭১ শতাংশ ভোট পড়ে। ছত্তিশগড়ে বিকেল চারটা পর্যন্ত ভোট দেন ৬০ শতাংশ ভোটার।