
প্রথম দফার মতোই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের দ্বিতীয় দফাতেও কেন্দ্রের সামনে ভোটদাতাদের বিশাল ভিড়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যেই চার জেলার ছয় লোকসভা আসনে প্রায় ৮২ শতাংশ ভোট পড়ে। দু-একটি জায়গায় কিছু গন্ডগোলের খবর ছাড়া মোটের ওপর ভোটপর্ব শান্তিতেই চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
গতকাল পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ—এ চার জেলার ছয় লোকসভা আসন রায়গঞ্জ, বালুরঘাট, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট গ্রহণ করা হয়।
মালদহের কালিয়াচকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের ওপর বোমা নিয়ে হামলা চালান। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি চালায়। হতাহতের খবর পাওয়া যায়নি। কালিয়াচকের কংগ্রেসের বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, সকাল থেকেই তৃণমূলের সমর্থকেরা কংগ্রেস কর্মীদের ভয় দেখিয়ে যাচ্ছিলেন।
অন্যদিকে বামফ্রন্ট নেতা ও সাবেক মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের অভিযোগ, বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারের তিনটি বুথ ‘তৃণমূল কংগ্রেসের গুন্ডারা’ জোর করে দখল করে নেয়। তারা বামফ্রন্টের এজেন্টদের বের করে দিয়েছে এবং সাধারণ ভোটারদের মারধর করে তাড়িয়ে দিয়েছে। ওই এলাকাসহ বালুরঘাটের কিছু জায়গায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন না থাকার সুযোগে তৃণমূল বুথ দখল করেছে বলে বিরোধীদের অভিযোগ। তবে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের দাবি, ভোট শান্তিপূর্ণ হয়েছে। জঙ্গিপুরে তূণমূল প্রার্থী হাজি নুরুল দলবল নিয়ে একটি বুথে ঢুকে পড়ায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। জঙ্গিপুরে কংগ্রেস দলের প্রার্থী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ। রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি। ওই কেন্দ্রে প্রিয়রঞ্জনেরই ভাই সত্যরঞ্জন তৃণমূল কংগ্রেসের হয়ে দীপার বিরুদ্ধে লড়ছেন। মালদহের দুই আসনে প্রয়াত জনপ্রিয় কংগ্রেস নেতা বরকত গনি খান চৌধুরীর ভাই আবু হাশেম গনি খান চৌধুরী ও ভাগনি মৌসম বেনজির নুর লড়ছেন। এঁরা সবাই গত নির্বাচনে কংগ্রেসের হয়ে জিতে লোকসভায় গিয়েছিলেন। অন্তত আগের আসনগুলো ধরে রাখাই কংগ্রেসের এবারের চাওয়া।
আরও কয়েকটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ভোট পড়ার হার উঁচু। ১৭ এপ্রিলের ভোট গ্রহণের দিন উত্তরবঙ্গের দার্জিলিংসহ চার আসনে ভোট পড়েছিল গড়ে ৮২ শতাংশ। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কেন্দ্রে মানুষের যে ভিড়, তাতে এই ছয় কেন্দ্রে ভোট পড়ার হার ৮০ শতাংশ ছাড়িয়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। তবে প্রাকৃতিক গরমকে ছাপিয়ে ভোটের লড়াইয়ে রাজনৈতিক তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। বালুরঘাটে তূণমূল প্রার্থী কলকাতার নাট্যজগতের মানুষ অর্পিতা ঘোষকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সারদা চিটফান্ড কেলেঙ্কারির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছে। কলকাতায় সিপিএমের নেতা এবং বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সারদা কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবির কথা আবারও মনে করিয়ে দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘শুধু কান টানলেই হবে না, কানের সঙ্গে মাথাও টেনে আনতে হবে।’
সারদা কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে কি না, এই প্রশ্নে সুপ্রিম কোর্টে শুনানি গতকাল শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তদন্তভার সিবিআইকে দেওয়ার বিরোধিতা করে চলেছে।
সারদা কেলেঙ্কারি ছাড়াও আরও একটি বিষয় এখন বিরোধীদের প্রচারে উঠে আসছে। সেটি হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে ৪৫ হাজার শিক্ষক নিয়োগকে ঘিরে কেলেঙ্কারি। চাকরির পরীক্ষার ফল অনুযায়ী প্রকাশিত মেধাতালিকাকে উপেক্ষা করে বহু মানুষকে চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।