সবচেয়ে বড় সরীসৃপ ফিলিপাইনের লোলং
ফিলিপাইনে আটক একটি কুমিরকে বিশ্বের সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী বলে স্বীকৃতি দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। ‘লোলং’ নামের ওই কুমিরটির ওজন এক টনেরও বেশি।৬ দশমিক ১৭ মিটার (২০ দশমিক ২৪ ফুট) লম্বা কুমিরটিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের আগুসান জলাভূমি থেকে গত সেপ্টেম্বরে আটক করা হয়। একটি মেয়েকে হত্যা ও এক জেলের নিখোঁজ হওয়ার জন্য কুমিরটিকে দায়ী করা হয়। লোলং বর্তমানে বানাওয়ান শহর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।গিনেজের ওয়েবসাইটে বলা হয়, আটক অবস্থায় থাকা সবচেয়ে বড় কুমির লোলং। এটির ওজন প্রায় এক হাজার ৭৫ কেজি।বানাওয়ান শহরের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী ওয়েলিন্ডা অ্যাসিস এলোর্দে গত সোমবার বলেন, গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে কুমিরটির স্বীকৃতির সনদ গ্রহণ করা হয়েছে। লোলং বর্তমানে সুস্থ রয়েছে। এটি ইতিমধ্যে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। পর্যটকদের বড় আকর্ষণ হয়ে উঠেছে এই কুমির। শত শত পর্যটক প্রতিদিন কুমিরটিকে দেখতে যায়।লোলংয়ের আগে গিনেজের তালিকায় সবচেয়ে বড় সরীসৃপ হিসেবে স্বীকৃতি পেয়েছিল অস্ট্রেলিয়ার লোনা পানির কুমির ক্যাসিয়াস। এটি লম্বায় ৫ দশমিক ৪৮ মিটার। এএফপি।