সবচেয়ে বড় সামুদ্রিক পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। প্রবাল সাগরের বিশাল অঞ্চল সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী টনি বুরকে বলেন, প্রায় ১০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ওই সামুদ্রিক সংরক্ষণ অঞ্চল বা পার্ক প্রতিষ্ঠা করা হবে। এই পরিকল্পনা মাছ ও প্রবালপ্রাচীর, সামুদ্রিক পাখি ও কচ্ছপ রক্ষায় সহায়তা করবে।যে বিশাল এলাকাজুড়ে এই অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, তা আয়তনে ফ্রান্স ও জার্মানির সমান।পরিবেশমন্ত্রী বুরকে বলেন, অস্ট্রেলিয়ার বিশাল সাগর খাদ্য ও সম্পদের উৎস। এই সাগর বিনোদনের স্থানও বটে। কিন্তু এ নিয়ে তাঁরা আত্মতুষ্টিতে ভুগতে পারেন না।অস্ট্রেলিয়া সরকার বলছে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক সংরক্ষণ অঞ্চল। নতুন এই পরিকল্পনা অনুযায়ী ওই অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এ ছাড়া মাছ ধরাও সীমিত করা হতে পারে।এক গবেষণায় দেখা গেছে, প্রবাল সাগর অনেক বিপন্ন প্রজাতির প্রাণীর আবাস। এ ছাড়া প্রবাল সাগর হাঙর ও টুনা মাছেও ভরা।পরিবেশবাদী সংগঠনগুলো বলেছে, সরকারের এই উদ্যোগ শুভ। তবে প্রবাল সাগর সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এসব সংগঠন বলছে, ওই অঞ্চলের নাজুক প্রবালপ্রাচীর ও চমৎকার সামুদ্রিক জীববৈচিত্র্যের পুরোপুরি সুরক্ষায় এই উদ্যোগ যথেষ্ট নয়। এএফপি, রয়টার্স।