সবাই দেখবে শেক্সপিয়ারের 'আসল শ্রেণিকক্ষ'
উইলিয়াম শেক্সপিয়ার। সাহিত্যাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। শেক্সপিয়ারের লেখা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য এক বিষয়। যে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে শেক্সপিয়ারের লেখা পড়েন, তাঁদের মনে প্রশ্ন জাগতে পারে—কেমন ছিল শেক্সপিয়ারের শ্রেণিকক্ষ?
সেই শিক্ষার্থীসহ সবার জন্য সুখবর হচ্ছে এই সপ্তাহের শেষের দিকেই সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে শেক্সপিয়ারের ‘প্রথম শ্রেণিকক্ষ’। খবর বিবিসির।
যুক্তরাজ্যের ষষ্ঠ রাজা এডওয়ার্ড স্কুলের এই শ্রেণিকক্ষটিতে শেক্সপিয়ার ১৫৭১ সাল থেকে ক্লাস করতেন বলে ধারণা করা হয়। এ ছাড়া এই শ্রেণিকক্ষেই শেক্সপিয়ার তাঁর জীবনের প্রথম নাটকটিই দেখেছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
বর্তমানে শ্রেণিকক্ষটি গ্রামার স্কুলের মালিকানাধীন। শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০ বছর পূর্তিতে কাল শনিবার শ্রেণিকক্ষটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রনি মারলিন বলেন, এটি মোটামুটি নিশ্চিত যে সাত বছর বয়স থেকে ১৪ বা ১৫ বছর বয়স পর্যন্ত শেক্সপিয়ার এই শ্রেণিকক্ষেই পড়াশোনা করেছেন।
শেক্সপিয়ার ১৫৬৪ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। ১৬১৬ সালে তাঁর মৃত্যু হয়। তিনি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘হ্যামলেট’, ‘কিং লিয়ার’, ‘ম্যাকবেথ’সহ প্রায় ৩৮টি নাটক লিখেছেন।