সবাইকে টেক্কা দিলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে  ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ নেন নরেন্দ্র মোদি l ছবি: এএফপি
নয়াদিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ নেন নরেন্দ্র মোদি l ছবি: এএফপি

সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে তিনি বলেছিলেন, পাঁচ বছর পর সাফল্য-ব্যর্থতার খতিয়ান নিয়ে আবার মুখোমুখি হবেন। সেদিন পাস, না ফেল—কী করবেন সেটা পরের কথা৷ এই মুহূর্তের আলোচ্য বিষয় একটাই—ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদারদাস মোদির শপথ গ্রহণ এই উপমহাদেশে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে রইল। তিনি টেক্কা দিয়ে গেলেন সবাইকে।
টেক্কা শুধু জাঁকজমক আর গোটা উপমহাদেশকে নয়াদিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের প্রশস্ত আঙিনায় এনে হাজির করানোয় নয়, মোদি টেক্কা দিলেন মন্ত্রিসভা গঠনে চিন্তার অভিনবত্বেও। নির্বাচনী প্রচারে ‘কম প্রশাসক ও বেশি প্রশাসন’-এর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, কাজে তা করে দেখাতে মাত্র ৪৫ জনের মন্ত্রিপরিষদ গঠন করলেন। যেখানে ৭৫ বছরের বেশি বয়স্কদের স্থান হলো না। ৬৩ বছরের গুজরাটি বুঝিয়ে দিলেন, পাঁচ বছর পর জবাবদিহির একমাত্র দায় যেহেতু তাঁরই, তাই তিনিই দণ্ডমুণ্ডের কর্তা।
মোদির চেয়েও বেশি ভাগ্যবান ছিলেন ‘অভাগা’ রাজীব গান্ধী, তিন দশক আগে। দুই-তৃতীয়াংশের গরিষ্ঠতা রাজীবকে সুপ্রশাসক হয়ে ওঠার সুযোগ দিয়েছিল। কিন্তু অধিকাংশকে খুশি করতে একেকটি মন্ত্রণালয় ভেঙে তিনি দু-তিনটি মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। সেই ‘রীতি’ পরবর্তী সময়েও সমানে চলেছে।
মোদি হলেন ব্যতিক্রম৷ মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় যেখানে ছোট-বড় মোট ৭০ জন মন্ত্রী ছিলেন, মোদির মন্ত্রি-সভার সদস্য মাত্র ৪৫ জন। সরকারের খরচ কমানোর এই রাস্তায় হেঁটে তিনি কতটা সফল হবেন, তা ভবিষ্যৎই বলবে।
প্রথা ভাঙতেই যেন গোটা উপমহাদেশকে মোদি হাজির করিয়েছেন রাইসিনা হিলসে। এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে কোনো প্রতিবেশী দেশের সরকারপ্রধান এভাবে আনুষ্ঠানিকভাবে হাজির হননি। নিছক আমন্ত্রণ নয়, সার্ক সদস্যদেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে মোদি এই বার্তাটি ছড়িয়ে দিতে চেয়েছেন যে, প্রতিবেশীদের উপেক্ষা করে শুধু বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকতে তিনি রাজি নন। এই সমালোচনাই তাঁর দল ইউপিএ সরকারের বিরুদ্ধে করে এসেছে।
প্রথা ভাঙতে গিয়ে মোদি কিন্তু চূড়ান্ত দুটি ঝুঁকি নিয়েছেন। প্রথম ঝুঁকি দল ও সংঘ পরিবারের কট্টরপন্থীদের আমল না দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানো। দ্বিতীয় ঝুঁকি গোটা তামিলনাড়ুর ভাবাবেগকে অগ্রাহ্য করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে ডেকে আনা। বিজেপির যে নেতারা পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনার বিরোধিতা এত দিন ধরে করে গেছেন, তাঁরা এখন চুপ। চুপ এমনকি শিবসেনাও। সবাইকে চুপ রেখে মোদি তাঁর ইচ্ছামতো চলতে চেয়েছেন, কূটনৈতিক দিক থেকে যা যথেষ্ট দুঃসাহসী। একটি মাত্র ঘটনা এই সদিচ্ছা ও বন্ধুতা ভেঙে খান খান করে দিতে পারে। মোদির তা জানা। কিন্তু জেনেশুনেও এই ঝুঁকি তিনি নিয়েছেন নিজের বিশ্বাসে। ঠিক যেমন উপেক্ষা করেছেন তামিল ভাবাবেগকে। তামিলনাড়ুর শরিক দল এমডিএমকে নেতা ভাইকো দিল্লিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন। তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হলো দিল্লি পুলিশ৷ তুমুল জনপ্রিয় তামিল অভিনেতা রজনীকান্ত পরম বন্ধু হয়েও মোদির আমন্ত্রণ রাখলেন না, এসবই ভবিষ্যতের অশুভ ইঙ্গিত।
আপাতত শপথ গ্রহণের ঝলকানিতে ঝলমলে থাকতে চান মোদি। গতকাল সকালটা তিনি শুরু করেন জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে। তারপর আশীর্বাদ নিতে যান তাঁর রাজনৈতিক গুরু অসুস্থ অটলবিহারি বাজপেয়ির বাড়ি। সেখান থেকে গুজরাট ভবনে ফিরে একে একে ডেকে নেন সম্ভাব্য মন্ত্রীদের। প্রায় এই সময় থেকেই দিল্লির এক বিস্তীর্ণ এলাকার রাস্তায় যান চলাচল মাঝে মাঝেই বন্ধ করে দিতে হয় ‘ভিভিআইপি মুভমেন্ট’-এর জন্য। রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচটি পাঁচতারা হোটেলে রয়েছেন বিদেশি রাষ্ট্রনায়কেরা। নিশ্ছিদ্র নিরাপত্তা সেই এলাকায়। ১০ হাজার নিরাপত্তারক্ষী গোটা দিল্লিকে প্রায় দুর্গ বানিয়ে দিয়েছিল। বিকেল থেকে রাইসিনা হিলসে চাঁদের হাট বসবে। তাই বেলা দেড়টায় ছুটি হয়ে যায় বিভিন্ন বেসরকারি অফিস।
চাঁদের হাট একেবারে আক্ষরিক অর্থেই। দেশ-বিদেশের মাননীয় অতিথি, দেড় শ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সাংসদ, শিল্পপতি, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিকদের পাশাপাশি অমিতাভ বচ্চন, সালমান খান, শচীন টেন্ডুলকারেরা। সবাই আলো করে তোলেন গোধূলিলগ্নের রাইসিনা হিলসকে। মাখন রঙের কুর্তা, বেইজ রঙের ওয়েস্ট কোট ও চুড়িদারে সজ্জিত দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈশ্বরের নামে শপথ নিলেন চার হাজার আমন্ত্রিতকে সাক্ষী রেখে। তাঁর ওয়েস্ট কোটের বাঁ দিকের বুকপকেটের ওপর লাগানো ছিল ভারতের জাতীয় পতাকা।
মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন: মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাষট্টি বছরের সুষমা স্বরাজ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক সদস্যদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে যে বার্তা দিতে চেয়েছেন, সুষমা সেই বার্তা বাস্তবায়িত করে তোলার পক্ষে উপযুক্ত বলে প্রধানমন্ত্রী মনে করেছেন।
প্রধানমন্ত্রীর পরে মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি রাজনাথ সিং। তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তৃতীয় স্থানে রয়েছেন সুষমা। অর্থমন্ত্রী অরুণ জেটলি চতুর্থ ব্যক্তি।
মধ্য প্রদেশের বিদিশা থেকে নির্বাচিত সুষমা বিজেপির দলীয় রাজনীতিতে মোদির বিরোধী শিবিরের বলেই পরিচিত। তাঁর ঘনিষ্ঠতা লালকৃষ্ণ আদভানির সঙ্গেই বেশি। মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত না করতে যে কয়েকজন বিরোধিতা করেছিলেন, সুষমা ছিলেন তাঁদের অন্যতম। কিন্তু দক্ষতা এবং জাতীয় রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতার কারণে সুষমাকে উপেক্ষা করতে পারেননি মোদি।
বিজেপির রাজনীতিতে সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) থেকে যাঁরা আসেননি, সুষমা তাঁদের একজন। তাই সংঘ পরিবারের সদস্যদের মতো কট্টরবাদী নন তিনি; বরং অনেক ক্ষেত্রেই অনেক যুক্তিবাদী ও বাস্তববাদী। লোকসভার বিরোধী নেত্রী হিসেবে লোকপাল ও খাদ্যবিলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা যাঁদের সঙ্গে আলোচনা করেছিলেন, সুষমা তাঁদের অন্যতম। ব্যক্তিগতভাবে তিনি সীমান্ত চুক্তির পক্ষে থাকলেও ভোটের আগে আসাম ও পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের আপত্তিতে চুক্তির পক্ষে মত দিতে পারেননি।
প্রধানমন্ত্রীকে নিয়ে মোট ৪৫ জন মন্ত্রী গতকাল শপথ নিলেন। তাঁদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আপাতত তাঁর কাছেই রাখছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সাতজন নারী। মুসলিম মন্ত্রী মাত্র একজন, তিনি নাজমা হেপতুল্লাহ।
মন্ত্রিসভায় ঠাঁই পেলেন একজন গান্ধীও! মানেকা গান্ধী মোদি সরকারে গান্ধী পরিবারের একমাত্র সদস্য। তিনি পেলেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। অটল বিহারি বাজপেয়ির আগের এনডিএ সরকারেও মন্ত্রী হয়েছিলেন তিনি৷
প্রথম প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রথম বক্তব্যে মোদি সবার সমর্থন, আশীর্বাদ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন৷ শপথ নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই চালু করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন ওয়েবসাইটে তাঁর নতুন বার্তা তুলে দেওয়া হয়৷ এতে মোদি বলেন, ‘আমরা সবাই মিলে ভারতের জন্য গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ রচনা করব৷’ নতুন প্রধানমন্ত্রী এ ওয়েবসাইটকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করার অঙ্গীকার করেন৷
ওবামার অভিনন্দন: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে অভিনন্দন জানান৷ অভিনন্দন বাণীতে ওবামা বলেন, তিনি দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারে কাজ করার প্রতীক্ষা করছেন৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি এক বিবৃতিতে এ কথা জানান৷