গতকাল রোববার মিয়ানমারের সরকারি গণমাধ্যম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আসন্ন সাধারণ নির্বাচনে সে দেশের সব নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে। একই সঙ্গে নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য যাঁরা জনগণকে প্ররোচিত করছেন, তাঁদের সমালোচনা করা হয়েছে।সামরিক জান্তা মুখপত্র দৈনিক নিউ লাইট অব মিয়ানমার তাদের সম্পাদকীয়তে বলেছে, যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন ও গণতান্ত্রিক শাসন চান, তাঁদের সবাইকে অবশ্যই ভোট দিতে হবে। কিছু লোক ভোট না দিতে ভোটারদের প্ররোচিত করছেন। ভোটদানে বিরত থাকার জন্য উসকানি দেওয়া হচ্ছে। নতুন যুগের সূচনার জন্য যাঁরা বহুদলীয় গণতন্ত্রের পথে রয়েছেন, উসকানিমূলক কথাবার্তা বলে তাঁদের বিপথগামী করার চেষ্টা চলছে।৭ নভেম্বর বহু প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছরের মধ্যে মিয়ানমারে এটাই প্রথম সাধারণ নির্বাচন।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আনতে চায়। অপর পক্ষ নির্বাচনেই অংশ নিতে চায় না।গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ঘোষণা দিয়েছেন, তিনি ভোট দেবেন না। তাঁর বিশ্বাস, সমর্থকেরাও ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। তবে তিনি প্রকাশ্যে নির্বাচন বর্জনের ব্যাপারে কিছু বলেননি।সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।নিউ লাইট অব মিয়ানমার বলেছে, নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে প্ররোচিত করার মাধ্যমে কেবল লোকজনের গণতান্ত্রিক অধিকারই লঙ্ঘন করা হচ্ছে না, ব্যক্তিগত অধিকার থেকেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে। পত্রিকাটি বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্তই হলো বহুদলীয় নির্বাচনে অংশ নেওয়া।নির্বাচনী প্রচারণায় জান্তা-সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তা ছাড়া নির্বাচনে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমা শাসকগোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকে একপেশে এই নির্বাচনের কড়া সমালোচনা করে আসছে।মিয়ানমারের সর্বশেষ নির্বাচনে এনএলডি বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল। কিন্তু সামরিক জান্তা সে সময় এনএলডির হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। উল্টো সু চিকে বছরের পর বছর গৃহবন্দী করে রেখেছে। এএফপি।