সবার জন্যই আসল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় স্বৈরশাসনের অধীনে ছিল পাকিস্তান। সেই দেশে একজন সাবেক সামরিক শাসককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এ ঘটনা দেশটির ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে। পারভেজ মোশাররফের বিচারের বিষয়টি বিভিন্ন কারণেই উল্লেখযোগ্য।
পাকিস্তানে বহু রাজনীতিবিদকেই রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি করা হয়েছে। তবে কোনো সাবেক রাষ্ট্রপ্রধানকে এই প্রথম সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী বিচারের মুখোমুখি করা হচ্ছে। সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মোশাররফকে হাইকোর্টের তিনজন বিচারকের একটি বিশেষ ট্রাইব্যুনালে আগামী বুধবার হাজির করা হবে। এই বিচারে বড় ধরনের নাটকীয়তা থাকতে পারে। তা ছাড়া থাকতে পারে সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব। যে দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা এখনো বিশাল, সেখানে একজন সাবেক সেনাপ্রধানের এ ধরনের বিচারের পরিণতি গুরুতর হতে পারে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য এটি হতে পারে একটি বড় রাজনৈতিক সুযোগ। তিনি কেবল মোশাররফকে ক্ষমতাচ্যুত করেই ক্ষান্ত হননি, তাঁকে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারের মুখোমুখিও করতে যাচ্ছেন। তবে বিরোধীদলীয় রাজনীতিকদের কেউ কেউ মনে করছেন, সরকার আসলে অন্যান্য বিষয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই মোশাররফের বিচার করছে।
পারভেজ মোশাররফের সহযোগীরা মনে করেন, এই মামলার বিচার কার্যক্রম একসময় বন্ধ হয়ে যাবে। সাবেক প্রেসিডেন্টের দীর্ঘদিনের সহযোগী মেজর জেনারেল রশিদ কুরেশি বলেন, পারভেজ মোশাররফ কোনো রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না। তাই বিচার সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মামলা খারিজ হয়ে যাবে।
ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিচার কার্যক্রম সামরিক আদালতে ন্যস্ত করার দাবি উঠেছিল আসামিপক্ষের তরফ থেকে। তবে ইসলামাবাদ হাইকোর্ট সেই দাবি নাকচ করে দিয়েছেন। তবে মামলাটির সাংবিধানিক বৈধতাই সম্ভবত বিচার কার্যক্রমকে প্রভাবিত করবে। সাবেক জেনারেলকে অবশ্য তাঁর মূল অপরাধের (২০০৭ সালের ৩ নভেম্বর নওয়াজের নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান) জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন না। তাঁর বিচার হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার জন্য।
স্বেচ্ছানির্বাসন ছেড়ে চলতি বছরের শুরুতে দেশে ফিরে আসেন মোশাররফ। এসেই হত্যাসহ কয়েকটি মামলায় বিচারের মুখোমুখি হন তিনি। তবে রাষ্ট্রদ্রোহ মামলাটিই মোশাররফের জন্য সবচেয়ে গুরুতর পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে। তাঁকে দোষী সাব্যস্ত করা হলে বিষয়টি সেনাবাহিনীর জন্য বিব্রতকর হবে। এতে সামরিক বাহিনীর চরম প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। আর মামলাটির কার্যক্রম দীর্ঘায়িত হলে তা হবে দেশটির দুর্বল রাজনৈতিক কাঠামোর জন্য এক বড় পরীক্ষা। ডন।