থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দৃষ্টি এখন সামরিক বাহিনীর দিকে। তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে প্রভাবশালী সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনী এগিয়ে আসবে।
থাইল্যান্ডের প্রবীণ রাজনীতিক ও চলমান সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থগসুবান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশপ্রধান ও সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুজনকে চলমান সংকটে তাঁদের পক্ষ নেওয়ার আহ্বান জানান।
থাইল্যান্ডে রাজনৈতিকভাবে প্রভাবশালী সেনাবাহিনী গত ৮০ বছরে মোট ১৮ বার অভ্যুত্থান ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে। সর্বশেষ ২০০৫ সালে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে এই বাহিনী। এবার সংকটে নিজেদের সম্পৃক্ত করবে না বলে জানিয়ে দিয়েছে সেনাবাহিনী। তবে দুই পক্ষ চাইলে মধ্যস্থতা করতে পারে তারা।
সর্বশেষ এই রাজনৈতিক সংকটও শুরু হয়েছে থাকসিনকে ঘিরেই। সরকারবিরোধীরা ইংলাককে তাঁর ভাই থাকসিনের হাতের পুতুল মনে করেন। টেলিকম ব্যবসায়ী থেকে দেশের প্রধানমন্ত্রী বনে যাওয়া থাকসিনের ভোটব্যাংক হচ্ছে দেশের গ্রামীণ জনগোষ্ঠী। তিনি ২০০১ ও ২০০৫ সালে নিরঙ্কুশ জয়লাভ করেন। এটিকে কাজে লাগিয়ে থাকসিন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থ এগিয়ে নিতে মনোযোগী হন।
থাকসিনের বিরোধীরা মূলত অভিজাত রাজপরিবারসহ কিছু গোষ্ঠী, যারা তাঁর উত্থানকে একটি বিরাট হুমকি হিসেবে দেখে। বিভিন্ন শ্রমিক সংগঠন, শিক্ষাবিদ এবং শহুরে মধ্যবিত্ত নাগরিকেরাও থাকসিনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ।
বিক্ষোভের মুখে ইংলাক গত সোমবার দেশের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা তাঁর ঘোষণা প্রত্যাখ্যান করে অনির্বাচিত পিপলস কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। থাকসিনের ‘লাল শার্ট’-সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, সুথেপ প্রধানমন্ত্রী ইংলাককে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলে তাঁরাও রাস্তায় নামবেন।
বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আপিসিত অভিযুক্ত: ২০১০ সালের ওই বিক্ষোভের সময় আপিসিতের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন চলমান সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ। ২০১০ সালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আপিসিত ও সুথেপকে গতকাল অভিযুক্ত করা হয়েছে।
গতকাল ওই মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর দুজনকেই আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তবে সুথেপ জানান, তিনি যাবেন না। সরকারের নতুন এই পদক্ষেপ দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করতে পারে। রয়টার্স ও এএফপি।