
আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হবে ‘সবার সঙ্গে কথা বলার’ পর। দলটির সভাপতি রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এদিকে বিজেপির অন্য সূত্রে জানা গেছে, এ ব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির ব্যাপারে বড় ধরনের সমঝোতা হয়েছে এবং আজ শুক্রবারই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির ব্যাপারে দলে মতানৈক্য এবং বিশেষ করে এখনই তাঁর নাম ঘোষণা নিয়ে প্রবল বিরোধিতার মুখে এসব খবর পাওয়া গেল।
এল কে আদভানি ও সুষমা স্বরাজের মতো বিজেপির কিছু শীর্ষ নেতা দলীয় প্রার্থীর নাম ঘোষণার কাজটি বিলম্বিত করতে চান। তাঁরা চাইছেন, অন্তত আগামী নভেম্বরে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার আগে যেন এ ব্যাপারে কোনো ঘোষণা না আসে। কিন্তু মোদির পক্ষের শীর্ষস্থানীয় নেতারা এ বিষয়ে আদভানিসহ দলের জ্যেষ্ঠ নেতাদের রাজি করানোর জোর চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা নিয়ে এমন জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে বিজেপি সভাপতি রাজনাথ সিং গতকাল বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ আর দলের মুখপাত্র মুখতার আব্বাস নাকভি যোগ করেন, ‘আলোচনা চলছে। আমরা শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করব।’ প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন, এ নিয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন মুখপাত্র নাকভি।
তবে সূত্র বলছে, মোদিবিরোধী শীর্ষ নেতা আদভানি ও সুষমাকে বোঝাতে বেশ বেগ পেতে পারেন রাজনাথ সিং। এই দুজনের মত হচ্ছে, কৌশলগত কারণে নভেম্বরে পাঁচটি আসনে বিধানসভা নির্বাচনের পরই প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হোক। তবে বিজেপির আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) চায়, আগামী ১৯ নভেম্বরের আগে মোদির ব্যাপারে ঘোষণা আসুক। সেদিন হিন্দুদের বর্ষপঞ্জির শুভলগ্নের অবসান ঘটবে। আর মোদির সমর্থকদের চাওয়া, ঘোষণাটা আসুক ১৭ সেপ্টেম্বরের আগে। কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী তাঁর ৬৩তম জন্মদিন পালন করবেন ১৭ সেপ্টেম্বর।
বিজেপির পার্লামেন্টারি বোর্ডের সভায় সাধারণ মতৈক্য না হলেও সভাপতি রাজনাথ সিং প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। কারণ, পার্লামেন্টারি বোর্ডের বৈঠক ছাড়াই প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করার এখতিয়ার তাঁর রয়েছে। আইএনএস ও টাইমস অব ইন্ডিয়া।