অঙ্গীকার ও শপথ অনেক ছিল, কিন্তু ঘটনা হলো মুম্বাই হামলার পঞ্চম বর্ষপূর্তিতেও পাকিস্তানে আশ্রিত ও লালিত অপরাধীদের সাজা দিতে বাধ্য করাতে ভারত ব্যর্থ। ২০০৮ সালের আজকের দিনেই (২৬ নভেম্বর) একদল জঙ্গি মুম্বাইয়ের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা চালিয়ে বিদেশিসহ ১৬৬ জন নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করেছিল।
ভারতের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ২৬/১১-এর হামলাকারীরা পাকিস্তান থেকে পাড়ি দিয়েছিল। সেদিন জীবিত অবস্থায় ধরা পড়া একমাত্র জঙ্গি আজমল কাসাব যে পাকিস্তানের নাগরিক, তা দেশটি স্বীকারও করেছে। তবে কাসাবের ফাঁসি হলেও পাকিস্তানে আশ্রিত জামায়েত-উদ-দাওয়া নেতা হাফিজ সঈদ ও লস্কর-ই-তাইয়েবার নেতা জাকিউর রহমান লাকভিকে সাজা দিতে ভারত আজও পাকিস্তানকে বাধ্য করাতে পারেনি।
মুম্বাই হামলার পর থেকে গত পাঁচ বছরে পাকিস্তানের ওপর ভারত বারবার চাপ সৃষ্টি করেছে। ভারতের দিক থেকে ‘অকাট্য প্রমাণও’ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু শাস্তি দেওয়া তো দূরের কথা, হাফিজ সঈদের মুখও ভারত বন্ধ করাতে পারেনি।