সবার সামনে কুমির টেনে নিল তাঁকে
অন্তত ১৫ জন লোকের সামনে থেকে কুমিরে টেনে নিয়ে গেছে এক যুবককে। উত্তর অস্ট্রেলিয়ার একটি নদীতে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। শ্যন কোল নামে ২৪ বছরের যুবকটি আরেক বন্ধুকে নিয়ে সাঁতার কাটতে নেমেছিলেন।
গতকাল রোববার নর্দার্ন টেরিটরির পুলিশ জানায়, শনিবার মেরি রিভার উইল্ডারনেস রিট্রিট অ্যান্ড ক্যারাভান পার্কে বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতে গিয়েছিল যুবকটি। উপলক্ষ ছিল দলের একজনের জন্মদিন। জায়গাটা ডারউইন শহর থেকে ১১০ কিলোমিটার দূরে। আমোদ-ফুর্তির একপর্যায়ে পাশের মেরি নদীতে ঝাঁপ দেন শ্যন। এ নদীতে কুমিরের ঘনত্ব বিশ্বে সর্বোচ্চ হিসেবে মনে করা হয়। পুলিশ কর্মকর্তা জিওফ বানার্ট বলেন, বন্ধুরা তীর থেকে যুবকটিকে সাঁতার কাটতে দেখছিল। তারা হঠাৎ দেখে একটি কুমির তাঁকে টেনে নিয়ে যাচ্ছে। অনেক খুঁজেও আইটি কর্মী শ্যনকে পায়নি। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির জলাশয়ে নোনাপানির বহু কুমিরের বাস। এএফপি।