সমকামীদের মূল্যায়ন করার আমি কে: পোপ

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস আজ সোমবার বলেছেন, সমকামীদের মূল্যায়ন করা কিংবা কোণঠাসা করা অনুচিত। ব্রাজিল থেকে ভ্যাটিকান সিটিতে ফিরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কেউ সমকামী ও ঈশ্বরভক্ত হয় এবং তাঁর যদি সদিচ্ছা থেকে থাকে, তবে তাঁকে মূল্যায়ন করার আমি কে?”
আজকের বক্তব্যে সমকামী ইস্যুতে আগের পোপদের চেয়ে ফ্রান্সিসের অবস্থানকে যথেষ্ট নমনীয় বলে মনে হয়েছে।
নারী যাজক প্রশ্নে পোপ বলেন, এ ক্ষেত্রে চার্চের মতামত নাবাচক। তবে নারীদের ভূমিকা সংকুচিত করা অনুচিত। ভ্যাটিকানের সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘চার্চে নারীদের ভূমিকা পালন করতে না দিয়ে তাঁদের কেবল দাতব্য প্রতিষ্ঠানের প্রধান বা মুখপাত্র বানিয়ে রাখা ঠিক নয়।’
ফ্রান্সিস বলেন, সমকামীদের মানুষ হিসেবে সমাজে গ্রহণ করা উচিত। তবে তিনি বলেন, ‘চার্চের দীক্ষাগুরুরাই এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন। এ কারণেই তাদের কোণঠাসা না করে সমাজে গ্রহণ করা উচিত।’
সমকামীদের জন্য চার্চের স্বীকৃতি আদায়ে লবিকারী নিয়োগ করা হয়েছে, এমন খবরে নিন্দা জানান পোপ। তিনি বলেন, ‘এ বিষয়ে পারস্পরিক জানাশোনার অভাবই মূল সমস্যা।...আমাদের অবশ্যই ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়া দরকার।’