সমঝোতার পথে তিন বাধা
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সের্গেই ল্যাভরভের মধ্যে সম্পাদিত এ সমঝোতা বাস্তবায়ন করতে হলে মোকাবিলা করতে হবে তিনটি বড় বাধা।
সবচেয়ে বড় বাধা হলো অবিশ্বাস। পাঁচ বছর ধরে চলমান এ সংঘাতে এখন কোনো পক্ষের জন্যই প্রতিপক্ষকে বিশ্বাস করা কঠিন। এর আগেও বেশ কয়েক দফায় বাশার সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে কিছুদিন না যেতেই তা ভেঙেও গেছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে রুশ-মার্কিন প্রচেষ্টায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই তা ভেঙে যায়।
দ্বিতীয় বড় বাধাটি হলো শক্তিশালী উগ্রপন্থী সংগঠন আল-নুসরা ফ্রন্টের সঙ্গে বিরোধী সংগঠনগুলোর জোট। বাশার বাহিনীর বিরুদ্ধে লড়তে বিদ্রোহীরা ইদলিব ও আলেপ্পোয় আল-কায়েদার সাবেক এই শাখার সঙ্গে জোট গড়েছে। রুশ-মার্কিন সমঝোতা বাস্তবায়ন করতে হলে আল-নুসরার থেকে আলাদা হতে হবে বিদ্রোহীদের।
সংঘাতের ফলে সিরিয়ায় অনেক পক্ষের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সরকার, বিদ্রোহী, কুর্দি ও উগ্রপন্থীরা উল্লেখযোগ্য। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো জড়িয়ে পড়ায় পুরো বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এটিই তৃতীয় বাধা। রুশ-মার্কিন সমঝোতা বিদ্রোহীদের অন্যতম সমর্থক তুরস্ক মেনে নিলেও বাশারের মিত্র ইরানের কাছ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশেষজ্ঞদের ধারণা, বহু পক্ষের এ সংঘাতে সবাইকে এক সারিতে দাঁড় করানো কঠিন হতে পারে।