সমঝোতা চায় জার্মানি ও ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনের জন্য যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ষ ছবি: এএফপি
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনের জন্য যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ষ ছবি: এএফপি

মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির বিষয়ে চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চায় জার্মানি ও ফ্রান্স। এর মাধ্যমে গোয়েন্দাগিরির বিষয়ে নতুন আইন প্রণয়ন নিয়ে ওয়াশিংটনকে চাপ দিতে চাইছে ইউরোপের প্রভাবশালী দেশ দুটি।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নিজের মুঠোফোনে ও ফ্রান্সের নাগরিকদের সাত কোটি ফোনকলে মার্কিন আড়ি পাতা নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলন শুরু হয়। বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউর প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপুই জার্মানি ও ফ্রান্সের এই অবস্থানের কথা জানান। এই সম্মেলনে আশ্রয়প্রার্থী ও কর বিষয়ে সংস্কারের বিষয় মূল আলোচ্য থাকলেও মার্কিন নজরদারি নিয়ে বিতর্ক সেগুলোকে আড়ালে ঠেলে দিয়েছে।
ইইউর প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘বার্লিন ও প্যারিস ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহসংক্রান্ত বিষয়ে সমঝোতা চায়। চলতি বছরের শেষ নাগাদ এ আলোচনা চায় তারা। তবে অন্য কোনো দেশ চাইলে ওই আলোচনায় যোগ দিতে পারে।’
ইউরোপের ২৮ দেশের সংগঠন ইইউ এক বিবৃতিতে জানায়, ‘ইউরোপের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং এই অংশীদারিকে মূল্য দেন।’ বিবৃতিতে আরও বলা হয়, এই অংশীদারি ‘অবশ্যই শ্রদ্ধা, আস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে হতে হবে’।
ইইউর অন্যতম সদস্য যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মিত্রতা দীর্ঘদিনের। তাই লন্ডনও ইইউর এই বিবৃতির সঙ্গে একমত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ইইউর প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের অবশ্যই বিশেষ সম্পর্ক রয়েছে...কিন্তু লন্ডন এই বিবৃতির সঙ্গে পুরোপুরি একমত।’ এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউর প্রেসিডেন্টের পাশে থাকলেও তিনি সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করেননি।
এর আগে সম্মেলনে দেওয়া বক্তৃতায় চ্যান্সেলর ম্যার্কেল বলেন, ‘মিত্রদের ওপর গোয়েন্দাগিরি গ্রহণযোগ্য নয়। এখানে আস্থার সম্পর্ক থাকা প্রয়োজন। এখন এই আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
এলিসি প্রাসাদেও আড়ি পাতার চেষ্টা হয়: ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদেও যুক্তরাষ্ট্র আড়ি পাতার চেষ্টা করেছে বলে মনে করে প্যারিস। তবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা অস্বীকার করে বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদ এ কাজ করে থাকতে পারে।
এনএসএর গোপন নথির বরাত দিয়ে প্রকাশিত ফ্রান্সের লোঁ মদ পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা লিসা মনাকো তাঁর দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, নজরদারিসংক্রান্ত মার্কিন প্রকল্পগুলো আইনসংগত। তবে তিনি স্বীকার করেন, এ বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় মিত্রদের কাছে তা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এএফপি ও রয়টার্স।