সমঝোতা ছাড়াই দামেস্ক ছাড়লেন কফি আনান
সিরিয়ায় সহিংসতা বন্ধে আসাদ সরকারের সঙ্গে আলোচনায় কোনো ফলাফল ছাড়াই সিরিয়া ত্যাগ করলেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান। তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সরকারের অনুগত বাহিনীর দখলে থাকা শহরগুলোতে জরুরি ত্রাণ পৌঁছে দিতে ত্রাণ সংস্থাগুলোকে অনুমতি দেওয়া এবং সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানে সব দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নিয়ে শনিবার কফি আনান দুই দিনের সফরে যান দামেস্কে। সেখানে তিনি দুই দফায় প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আলোচনায় বসেন। তবে সেখান থেকে কোনো ধরনের ফলাফল বের হয়ে আসেনি।এদিকে আনানের সফরকালেই দেশটিতে চলমান সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছে বলে মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষকেরা জানিয়েছেন। এর মধ্যে বিদ্রোহী ও সরকারি সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ক্রসফায়ারে ৬১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে গতকাল সোমবার হোমস শহরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হাতে ৪৭ জন নারী ও শিশু নিহত হয়েছে বলে বিদ্রোহীরা দাবি করেছে। আর এ বিষয়টি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সরকারবিরোধী প্রধান দল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে গত রোববারের বৈঠকের পর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সংবাদ সম্মেলনে বলেন, যদি সমঝোতা হয় তাহলে তা সংকট নিরসনে অনেকটাই সাহায্য করবে। আনান সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, গণণতান্ত্রিক ও শান্তিপূর্ণ, স্থিতিশীল সিরিয়ার জন্য তা শক্ত ভিত হিসেবে কাজ করবে। কিন্তু এর জন্য প্রথমেই অস্ত্রবিরতি করতে হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট আসাদের বরাত দিয়ে জানায়, যত দিন পর্যন্ত ‘সন্ত্রাসী বাহিনী’ দেশের জন্য হুমকি হয়ে থাকবে তত দিন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সমাধান সম্ভব নয়। সরকারের অনুগত বাহিনীর অভিযোগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সশস্ত্র বিদ্রোহীরা এ হামলা চালিয়ে যাচ্ছে।অন্যদিকে বিরোধী দলগুলো বলেছে, সরকারের সঙ্গে আলোচনায় বসার আগে দমন-নিপীড়ন বন্ধ করে সেনাদের অবশ্যই ব্যারাকে ফিরে যেতে হবে। কফি আনান কাতারের উদ্দেশে রওনা হওয়ার আগে বলেন, ‘এটি (সমঝোতা) কঠিন হতে যাচ্ছে। তবে আমাদের আশা রাখতে হবে।’গত রোববার ইদলিবে সরকারের অনুগত বাহিনী ও বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৭ জন সাধারণ নাগরিক ও ১২ জন বিদ্রোহী রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় ১৭ জন সেনা সদস্য নিহত হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বৈরুতে এএফপিকে জানায়, এর আগের দিন শনিবার সহিংসতায় ৩২ জন বেসামরিক ব্যক্তিসহ ৯১ জন নিহত হয়। এএফপি ও বিবিসি।