সমঝোতার আভাস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধে সুইজারল্যান্ডে গত বুধবার থেকে শুরু হওয়া শান্তি সম্মেলনে সমঝোতার আভাস মেলেনি। তার পরও আজ শুক্রবার সিরিয়া সরকার ও বিদ্রোহীরা সরাসরি আলোচনায় বসছে। তবে ওই আলোচনার আগে দুই পক্ষের সঙ্গেই আলাদা বৈঠক করবেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি।
সুইজারল্যান্ডের মনট্রাক্সে শুরু হওয়া সম্মেলনের প্রথম দিন নিজ নিজ অবস্থানে থেকে আক্রমণাত্মক বক্তব্য দেয় সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ। এতে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে চরম মতানৈক্যের বিষয়টি ফুটে ওঠে। বিশেষ করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষ একেবারে বিপরীত অবস্থানে থাকার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তার পরও কোনো পক্ষ সম্মেলন থেকে ওয়াকআউট করেনি, আবার আজ শুক্রবার সরাসরি আলোচনায় বসতেও নিজেদের সম্মতির কথা জানিয়ে দিয়েছে। অনেকে বিষয় দুটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এদিকে আজ দুই পক্ষের সরাসরি আলোচনা সুইজারল্যান্ডের কোথায় ও কখন শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। জাতিসংঘের দূত ব্রাহিমি বলেন, ‘সিরিয়ায় কীভাবে রক্তপাত বন্ধ করা যায়, এখানে আমরা সে বিষয়েই আলোচনা করব। রক্তপাত বন্ধে ২০১২ সালের ৩০ জুন জেনেভা-১ সম্মেলনে ঘোষণা করা ইশতেহারকে কীভাবে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এটা ভাবছি না, সবকিছু সহজে হয়ে যাবে। তবে আমরা কঠোর পরিশ্রম করব।’
বুধবার প্রথম দিনের বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সিরিয়ার জনগণের চরম দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক হয়েছে। এখন আলোচনা করার সময় এসেছে। শুক্রবার (আজ) কঠিন কাজ শুরু হচ্ছে।’
বান কি মুন বলেন, ‘সামনে আমাদের কঠিন পথ, কিন্তু তা পাড়ি দিতে হবে। অবশ্যই পাড়ি দিতে হবে। আমরা তাৎক্ষণিক কোনো ফল আশা করছি না।’
বিশ্লেষকেরা বলছেন, সুইজারল্যান্ডে আলোচ্যসূচির মধ্যে শিগগিরই কোনো শান্তি চুক্তির কথা নেই। আবার প্রেসিডেন্ট বাশারের সরে যাওয়া বা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও নেই। এ কারণে এই সম্মেলন থেকে তাৎক্ষণিক কোনো চুক্তির আশা খুব কম।
জাওয়াহিরির আহ্বান: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিজেদের মধ্যে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিজেদের মতবিরোধের বিষয়গুলো চিহ্নিত করতে বিচারিক কমিটি গঠনের পরামর্শ দেন।
ইসলামপন্থী একটি ওয়েবসাইটে দেওয়া অডিও বার্তায় জাওয়াহিরি বিদ্রোহীদের উদ্দেশে এ বার্তা পাঠান। বার্তা সংস্থা রয়টার্স জাওয়াহিরির এই অডিও বার্তা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। তবে এতে বলা হয়, অডিও বার্তাটি ঠিক জাওয়াহিরির কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিবিসি ও এএফপি।