ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্থায়ী সমঝোতার আশা দেখছেন না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তবে ভিয়েনা আলোচনার মাধ্যমে সময়সীমা বাড়িয়ে নিয়ে সমঝোতার চেষ্টা করা যেতে পারে বলে মনে করেন তিনি। খবর এএফপির।
২৪ অক্টোবরের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছাতে অস্ট্রিয়ায় ইরান ও ছয় বিশ্বশক্তির প্রতিনিধিদের মধ্যে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়েছে। পরাশক্তি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল পর্যন্ত আলোচনায় যোগ দেননি।
বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড গত বুধবার বলেন, ‘আমরা যদি আলোচনার মাধ্যমে কিছুটা অগ্রগতি অর্জন করতে পারি, তাহলে বেঁধে দেওয়া সময়সীমা বাড়িয়ে নিয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি।’
ভিয়েনায় আলোচনা শেষ পর্যন্ত দুটি বিষয়ে এসে দাঁড়িয়েছে। একটি হলো ইরান কোন মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। দ্বিতীয়টি হলো দেশটির ওপর থেকে কোন কোন নিষেধাজ্ঞা তুলে নেবে পাশ্চাত্য।