সমঝোতার দিকে যাচ্ছেন নেপালের মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড
মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড

নেপালে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন মাওবাদীরা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে সংবিধান প্রণয়নেরও আহ্বান জানান তাঁরা। এর মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসনে তাঁরা সমঝোতার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৯ নভেম্বর ২৪০ আসনে অনুষ্ঠিত নির্বাচনের প্রকাশিত ফলাফলে নেপালি কংগ্রেস সর্বোচ্চ আসনে জয়ী হয়। তাদের পর রয়েছে উদারপন্থী কমিউনিস্ট ইউএমএল। আর ২০০৮ সালে ৬০১ সদস্যের নেপালি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করা মাওবাদীরা তৃতীয় অবস্থানে চলে গেছেন।
নেপালের সাংবিধানিক পরিষদের ৬০১ আসনের মধ্যে ২৪০টি আসনে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত হন। রাজনৈতিক দলগুলোর আনুপাতিক ভোটের ভিত্তিতে ৩৩৫ আসন নির্ধারিত হয়। বাকি ২৬ আসনে সরকার মনোনীত প্রার্থী নেওয়া হবে।
সশস্ত্র সংগ্রাম ছেড়ে ২০০৬ সালে নেপালের মূলধারার রাজনীতিতে আসা মাওবাদীদের অভিযোগ, গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে জাল ভোট পড়েছে। ব্যালট বাক্স লুকিয়ে রাখা হয়েছিল অথবা এতে অতিরিক্ত ব্যালট পেপার রাখা ছিল।
প্রভাবশালী মাওবাদী নেতা ও সাবেক বিদ্রোহীপ্রধান পুষ্প কমল দহল প্রচণ্ড ইতিমধ্যে হুমকি দিয়েছিলেন, তাঁরা সাংবিধানিক পরিষদ বর্জন করবেন।
মাওবাদীদের মুখপাত্র অগ্নি সাপকোতা এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে ষড়যন্ত্র ও জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চায় আমাদের রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের ভিত্তিতে নতুন সংবিধান প্রস্তুত করতে হবে। এমনকি যেসব দল নির্বাচন বর্জন করেছে, তাদেরও এতে অন্তর্ভুক্ত করতে হবে।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মুখপাত্র অগ্নির বিবৃতিতে মাওবাদীদের সুর নরম করার বিষয়টি স্পষ্ট। মতৈক্য প্রতিষ্ঠার মাধ্যমে তাঁরা নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
নেপালের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বিশ্লেষক দীপেন্দ্র বাহাদুর ক্ষেত্রী বলেন, মাওবাদীদের সাংবিধানিক পরিষদে অংশ নেওয়ার ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও তাঁরা কেন্দ্রীয় সরকার গঠনসহ তাঁদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য যাবেন।
১০০টির বেশি উপজাতি ও ভাষাভাষী গোষ্ঠীর দেশ নেপালে একটি কেন্দ্রীয় পদ্ধতির সরকার চান মাওবাদীরা।
প্রচণ্ড নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পর বিভিন্ন মহল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর তদবির শুরু হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দাতাদেশের রাষ্ট্রদূতরা সক্রিয় ভূমিকা রাখেন।
২০০৬ সালে গৃহযুদ্ধ অবসানের পর এ পর্যন্ত ছয়টি সরকার গঠিত হলেও কোনো সরকার একটি নতুন সংবিধান তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে এক শতাব্দীর বেশি রাজতন্ত্রের অধীনে থাকা নেপালে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সংগ্রাম আরও দীর্ঘায়িত হতে পারে।
দুই প্রতিবেশী ভারত ও চীনের পাশাপাশি পশ্চিমা দাতারা আশঙ্কা করছে, মূলত পর্যটন, প্রবাসী-আয় ও বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল দুই কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটি জঙ্গি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ‘শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে’ নির্বাচন হয়েছে। এক লাখ ২০ হাজার বৈধ ভোটারের মধ্যে ৭০ ভাগের বেশি ভোট দিয়েছেন। আগামী সপ্তাহ পর্যন্ত ভোট গণনা চলবে। রয়টার্স।