সমঝোতার পথে চলবেন ওবামা!
আগামী চার বছরের জন্য নতুন করে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিশ্চিত করলেও মন্দার ধকল পুরো কাটিয়ে উঠতে সমঝোতার পথ অনুসরণ করে চলতে হবে প্রেসিডেন্ট ওবামাকে। যদিও গত চার বছরে অর্থনৈতিক মন্দার অনেকখানিই কাটিয়ে উঠেছেন তিনি।গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। প্রথম মেয়াদকালে গত বছর সরকারি ব্যয় হ্রাস ও রাজস্ব বৃদ্ধির জন্য ওবামার সঙ্গে ‘তীব্র দর-কষাকষি’ করেছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার। তবে নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্পিকার বোয়েনার কর বৃদ্ধির প্রশ্নে রিপাবলিকানদের সঙ্গে ওবামাকে সমঝোতা করতে হবে বলে আভাস দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত।অর্থনীতিসহ অনেক বিষয়েই ওবামাকে রিপাবলিকানদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে সমঝোতা ও ছাড় দেওয়ার নীতি অনুসরণ করতে হতে পারে তাঁকে। জর্জ ডব্লিউ বুশের আমলের কর মওকুফের নীতির মেয়াদ চলতি বছরের শেষদিকে শেষ হচ্ছে। কাজেই রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত কর বৃদ্ধিসহ সামরিক ও অভ্যন্তরীণ খাতে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা সরকারের বিবেচনায় থাকছেই। বোয়েনার বলেছেন, ওবামার আগের মেয়াদে প্রতিনিধি পরিষদে নতুন করে করারোপের তীব্র বিরোধিতা করেছিলেন রিপাবলিকানরা। তবে এখন করনীতির সংস্কার হওয়ার আগ পর্যন্ত রিপাবলিকানরা সমঝোতা করতে আগ্রহী। ওবামাকে উদ্দেশ করে বোয়েনার বলেন, ‘এখন আপনার সময় এবং আমরা মার্কিন নাগরিক হিসেবে আপনাকে সহযোগিতা করতে চাই। এ ক্ষেত্রে কে ডেমোক্র্যাট আর রিপাবলিকান—সেটা কোনো বিষয় নয়। আমরা চাই, আপনি সফলকাম হোন।’নতুন মেয়াদে হওয়া প্রেসিডেন্ট ওবামার অগ্রগতি অনেকাংশেই বোয়েনার এবং কংগ্রেশনাল রিপাবলিকানদের সঙ্গে তাঁর সম্পর্কের ওপর নির্ভর করছে। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, ‘আমাদের প্রথমেই জরুরি বিষয় নিয়ে সমঝোতার দিকে এগিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে “ফিসকাল ক্লিফ” বা কর বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্র্যাসের আসন্ন সংকট এড়ানো। বিষয়টা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, তা নির্ভর করছে রিপাবলিকানরা এ বিষয়ে কতটা আন্তরিক হবে তার ওপর।তবে বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতির বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও মন্দায় পড়তে হতে পারে। বিবিসি ও এপি।