ভারতের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার অধস্তন আদালতকে সতর্ক করে দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত ও অপরাধীর মধ্যে সমঝোতার ভিত্তিতে ধর্ষণ মামলার অপরাধীর দণ্ড কমানো যাবে না।সর্বোচ্চ আদালত হুঁশিয়ার করে দিয়ে বলেন, ধর্ষণের শিকার কোনো নারীকে যদি কোনো ধর্ষক বিয়ের প্রস্তাবও দেয়, তাহলেও তার সাজার মেয়াদ কমানো চলবে না। সুপ্রিম কোর্ট বলেন, প্রচলিত আইন অনুযায়ী আদালত বিশেষ পরিস্থিতিতে, এমনকি ধর্ষণের মামলার দণ্ডও কমাতে পারেন। কিন্তু বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতার মাধ্যমে এ ব্যতিক্রম করা যাবে না।সর্বোচ্চ আদালত আরও বলেছেন, ধর্ষণের শিকার কোনো নারীর সঙ্গে ধর্ষকের সমঝোতার ভিত্তিতে সাজার মেয়াদ কমালে পরে ধর্ষক ওই নারীকে ছাড় দেওয়ার জন্য চাপ সৃষ্টির সুযোগ পায়।সুপ্রিম কোর্ট বলেন, ধর্ষণের অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে শুনানি চলাকালে তার ধর্ম-গোত্র-বর্ণের কিংবা সামাজিক মর্যাদা বিবেচনায় আনা যাবে না। দোষী সাব্যস্ত হলে এসব বিবেচনায় ওই ব্যক্তির সাজার মেয়াদ কমানো যাবে না। আদালত আরও বলেন, ধর্ষণের মধ্য দিয়ে শুধু একজন নারী শারীরিক ও মানসিক আক্রমণের শিকার হন না, বরং এটি সমাজের বিরুদ্ধে অপরাধ। এ ধরনের অপরাধে অভিযুক্ত কোনো অপরাধীর সাজার মেয়াদ কমাতে আদালত কোনো রকম সহমর্মিতা দেখাতে পারেন না।ফটোসাংবাদিক ধর্ষণের কথা স্বীকার: ভারতের মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিক গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলার এক আসামি মায়ের কাছে ওই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।কাশিম শেখ (২১) নামের ওই আসামির মা চাঁদ বিবি গতকাল মঙ্গলবার হাজতে ছেলের সঙ্গে দেখা করেন। এ সময় ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেন কাশিম।চাঁদ বিবি পরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কাশিম প্রথমে আমাকে দেখে কেঁদে ওঠে। পরে পুলিশের একজন সদস্য গণধর্ষণের ওই ঘটনার বিবরণ দিতে বললে কাশিম জড়িত থাকার কথা স্বীকার করে। আমি তাকে জিজ্ঞেস করেছি, কেন সে এমন কুকর্ম করেছিল। সে এর কোনো উত্তর দেয়নি।’গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ পোশাক কারখানার ছবি তুলতে গেলে ওই সাংবাদিক গণধর্ষণের শিকার হন। টাইমস অব ইন্ডিয়া।